সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। এই পদ্ধতিতে সাধারণত শিক্ষার্থীদের আগের মতো গাইড বই পড়ে মুখস্থ করতে হবে না, এটাই সাধারণ ধারণা। এই পদ্ধতিতে কোনো বিষয় ভালোভাবে বুঝে তার উত্তর লিখতে হয়।
ধারণা ছিল, এই পদ্ধতি শিক্ষাক্ষেত্রে অমূল পরিবর্তন ঘটাবে। কিন্তু বাস্তবে আমরা বিপরীত চিত্র দেখছি। এই পদ্ধতি বাস্তবায়নের সঙ্গে সঙ্গেই কিছু অসাধু ব্যবসায়ী সৃজনশীল প্রশ্নপত্রের গাইড বই বের করে ফেলেছে। এতে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই সেই সব গাইড বই অনুসরণ করে পড়ানো হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্দিষ্ট গাইড বই অনুসরণের পরামর্শ দেয়। ফলে শিক্ষার্থীদের সুবিধার থেকে অসুবিধাই বেশি হচ্ছে। তাদের পক্ষে কোনো বিষয়ে যথার্থ জ্ঞান আহরণ করা সম্ভব হচ্ছে না।
সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে, এই গাইড বই থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্ন করা হয়। সরকারের নাকের ডগায় এসব ঘটলে এই সৃজনশীল প্রশ্নপদ্ধতি দিয়ে কী হবে। তাই এ ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দা রায়হানা আক্তার
ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।