দেশে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। শুরুতে বলা হয়েছিল, এর ফলে একদিকে যেমন নকল বন্ধ হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মুখস্থ করার প্রবণতা কমে সৃজনশীলতা বাড়বে। কিন্তু বাস্তবে তা হয়নি।
নকলের বিকল্প হিসেবে নোট ও গাইড বই, প্রাইভেট টিউশন ও কোচিং সেন্টারের প্রসার ঘটছে। সরকার বিনা মূল্যে বই সরবরাহ করলেও উচ্চ মূল্যে কিনতে হচ্ছে নোট ও গাইড বই। শিক্ষকেরা শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিচ্ছেন।
পাঠ্যবই থেকে প্রশ্ন করা যাবে না—এই নির্দেশনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বাড়িতে পড়ে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। একটি বানানো/কাল্পনিক উদ্দীপক থেকে সূত্র ধরে পাঠ্যবইয়ের উত্তর লিখতে হয় পরীক্ষার্থীদের। অনেকেই ভুল উত্তর দেয়। আর পাসের স্বার্থে পরীক্ষকেরা তাতেই নম্বর দেন।
মূলত, শিক্ষকেরা পড়াতে পারছেন না বলেই এ অবস্থা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে বলা যায়, এই সৃজনশীল ব্যবস্থা কাঙ্ক্ষিত সফলতা লাভ করছে না। এতে শিক্ষার্থীরা উপকৃত তো হচ্ছেই না, বরং তারা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শাহ জালাল, রংপুর।