সৃজনশীল প্রশ্নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নপত্র প্রণীত হওয়ার পর থেকে ছাত্ররা বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে। তারা উদ্দীপকের প্রয়োগ ঘটাতে এবং উচ্চতর দক্ষতার অংশটুকু বুঝে সঠিকভাবে লিখতে ব্যর্থ হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা সনাতনী মুখস্থ বিদ্যার চোরাস্রোত থেকে তারা আজও বেরিয়ে আসতে পারেনি।
কিন্তু এখন জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রভৃতি অংশে একেকটি প্রশ্নপত্র বিভাজিত। তারা কোনোরকমে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক অংশটুকু উত্তর করতে পারলেও উচ্চতর দক্ষতার ক্ষেত্রে হোঁচট খায়। সে ক্ষেত্রে তারা না বুঝে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে হুবহু উদ্দীপকের অংশটুকু তুলে দেয়। উল্লেখ্য, প্রশ্নপত্রে চাওয়া উত্তরের সঙ্গে তার বিন্দুমাত্র মিল থাকে না।
পরীক্ষক হিসেবে একটি বিষয় আমি প্রশ্নপত্র প্রণয়নকারী শ্রদ্ধেয় শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উদ্দীপকের প্রয়োগ অংশের (গ) সঙ্গে মিল রেখে উচ্চতর দক্ষতা (ঘ) অংশের নির্ভরতার কারণে ছাত্রছাত্রীরা সমাজবিজ্ঞানে বেশি খারাপ করছে। অর্থাৎ প্রয়োগ অংশটুকু ভুল হলে উচ্চতর দক্ষতা অংশটুকুর উত্তর অনিবার্যভাবে ভুল হবে। এটা তাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অংশটুকুর জন্য নম্বর বরাদ্দ থাকে ৭। ফলে একটি প্রশ্নের ১০ নম্বর থেকে সহজেই ৭ বাদ পড়ে যায়।
একজন শিক্ষক ও পরীক্ষক হিসেবে অনুরোধ করছি, অন্ততপক্ষে সর্বস্তরের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে প্রশ্নপত্র প্রণয়ন করা হোক। প্রয়োগ ও উচ্চতর দক্ষতার ক্ষেত্রে পরস্পরের ওপর নির্ভরশীল প্রশ্নমালা আটটি থেকে কমিয়ে তিন-চারটি প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক, যাতে ছাত্রছাত্রীরা মুক্ত হাতে লিখতে পারে।
জয় বিশ্বাস, যশোর।