সৃজনশীল শিক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক ঢাকঢোল পিটিয়ে সৃজনশীল শিক্ষাব্যবস্থা চালু করা হলো। বলা হলো, এ ব্যবস্থা শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় মুখস্থবিদ্যা ও নোট-গাইডবইয়ের হাত থেকে রক্ষা করবে। কিন্তু এটি শিক্ষার্থীদের বিপাকে ফেলেছে বলেই মনে হয়। শিক্ষা স্বভাবতই একটি সৃজনশীল ব্যাপার হলেও শিক্ষকেরা একে দুর্বোধ্য করে তুলেছেন, ছাত্রদের নোট ও গাইডবইয়ের ওপর অযৌক্তিকভাবে নির্ভরশীল করে তুলেছেন। সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একদিকে বাড়ছে নোট-গাইডবই কেনাবেচার হিড়িক, অন্যদিকে বাড়ছে প্রাইভেট-কোচিংয়ের তাগাদা। সম্প্রতি পুনরায় প্রজ্ঞাপন জারি করে প্রাইভেট-কোচিং নিষিদ্ধ করার পরও এসব থামেনি।
এসব দেখে আমাদের মনে দুটি প্রশ্ন জাগে: প্রথমত, সরকারি প্রজ্ঞাপনের ভাষা বোধগম্য নয়; দ্বিতীয়ত, শিক্ষকেরা সরকারি আদেশ মানতে বাধ্য নন। এ ছাড়া শিক্ষকেরা যেমন প্রাইভেট অথবা কোচিং বাধ্যতামূলক করে দিয়েছেন, তেমনি শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রাইভেট বা কোচিংয়ে পড়াকে মর্যাদার বিষয় করে তুলেছেন। নোট-গাইড-প্রাইভেট-কোচিংয়ে পড়া একসময় লজ্জার বিষয় ছিল, যদিও এখন তা উল্টে গেছে।
উল্লেখ্য, নোট-গাইড-প্রাইভেট-কোচিংয়ে অনাগ্রহী কিংবা অপারগ শিক্ষার্থীদের শিক্ষকেরা শ্রেণিকক্ষে লাঞ্ছিত করেন। মোটকথা, ওই চক্রে না ঢোকা অপরাধের শামিল হয়ে উঠেছে। তাই শিক্ষকেরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকেন প্রাইভেট-কোচিং নিয়ে এবং একই শিক্ষার্থী ব্যস্ত থাকে একাধিক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ায় কিংবা একাধিক কোচিং সেন্টারে আসা-যাওয়ায়। এ অবস্থায় আমাদের সৃজনশীল ব্যবস্থার সৃজনশীলতা কোথায় গিয়ে ঠেকছে, তা কি আমরা ভেবে দেখেছি?
চুনারুঘাট।