সৃজনশীলের দুর্গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাঠাগার ও বিজ্ঞানাগার স্থাপন। একসময় শুধু বিজ্ঞান বিভাগ খোলার জন্য বিজ্ঞানাগার স্থাপনের শর্ত থাকলেও এখন কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদেরও কিছু ব্যবহারিক পাঠ নিতে হচ্ছে। আর কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীরা যন্ত্রটি ছুঁয়েও দেখতে পায় না।
দুঃখের বিষয় হলো, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান পরীক্ষাগার একরকম বন্ধ হয়ে যাচ্ছে। বেশির ভাগ প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার নেই অথবা থাকলেও তার দরজা কখনো খোলা হয় না। অথচ আশ্চর্যজনকভাবে শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষায় পার পেয়ে যাচ্ছে। আবার বিজ্ঞানে ফেল করার হারও বেড়ে যাচ্ছে।
এ ছাড়া সৃজনশীল শিক্ষার জন্য পাঠাগার খুবই জরুরি হলেও বহু শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগার প্রায় সারা বছর বন্ধ থাকে। মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঠাগার শব্দটার সঙ্গেই অপরিচিত। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অনুমতি নেওয়ার আগে নিশ্চিত করতে হয়, উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের জন্য নির্দিষ্ট পরিমাণ বই আছে।
কিন্তু দেখা যাচ্ছে, অনুমতি নেওয়ার আগে এ কলেজগুলো বই ধার করে এনে পাঠাগার বা সেমিনারকক্ষ বানায়। আর যেসব প্রতিষ্ঠানে বই আছে, সেগুলো শোভা পায় অফিসকক্ষে অথবা বন্ধ গুদামে।
এ অবস্থায় সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাদান কীভাবে সম্ভব?
আশরাফুল ইসলাম, হবিগঞ্জ।