সেতু চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতিয়া নদীর উটতলী খেয়াঘাটে প্রতিদিন হাজার হাজার মানুষকে অত্যন্ত কষ্ট করে নদী পার হতে হয়। এর উত্তরে চাঁদপুরের হাজীগঞ্জ ও দক্ষিণে একই জেলার ফরিদগঞ্জ থানা। সারা বছর যাত্রীদের নদী পারাপারে দুর্ভোগের অন্ত থাকে না।
চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তা আরও দুর্বিষহ হয়ে ওঠে। কচুরিপানা জমে নদী নৌ-চলাচলের প্রায় অনুপযুক্ত হয়ে পড়ে। যাত্রীদের সারি তখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। নদী পারাপারে তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
এখানকার মাটি অত্যন্ত উর্বর। শাকসবজিসহ ব্যাপক পরিমাণে কৃষিপণ্য উৎপন্ন হয় এ এলাকায়। যোগাযোগের অসুবিধার কারণে কৃষিপণ্য ঠিকভাবে বাজারজাত করা যায় না। পরিবহনের সহজ সুযোগ সৃষ্টি করা গেলে এ এলাকার উৎপাদিত উদ্বৃত্ত ফসল দুর্মূল্যের বাজারে জোগান দেওয়া যেত।
ছোট এই নদীর ওপর একটি মাত্র সেতু সব সমস্যার সমাধান করতে পারে। সরকার যায় সরকার আসে, কিন্তু এলাকাবাসীর প্রাণের দাবি এই সেতু আর নির্মিত হয় না। আশা করব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ অঞ্চলের মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
মো. আবদুল বারী, চাঁদপুর।