মানুষ অসুস্থ হলে চিকিৎসকের শরণাপন্ন হয়। আর বিজ্ঞানের কল্যাণে চিকিৎসাব্যবস্থার এতটাই উন্নতি ঘটেছে যে মানুষ এখন চিকিৎসকের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। সেই সুযোগ কাজে লাগিয়ে চিকিৎসকেরা ধর্মঘট করে রোগীদের মহাবিপদে ফেলেন।
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে চিকিৎসা। চিকিৎসা এমনই এক ব্যাপার, যা যথাসময়ে না হলে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। ধরুন, যদি ধর্মঘটের কারণে যথাসময়ে রোগীর অস্ত্রোপচার করা না যায়, তবে রোগী কতটুকু দুর্ভোগের মুখে পড়তে পারে, ভাবা যায়?
চিকিৎসকেরা চিকিৎসা পেশায় আসেন মানুষকে সেবাদানের মহান ব্রত নিয়ে। কিন্তু ধর্মঘট চলাকালে তাঁরা সেটা ভুলে যান। সেবার চেয়ে ব্যক্তিস্বার্থ কিংবা অন্য কোনো স্বার্থটাই বড় হয়ে দেখা দেয়। অথচ রোগীর জীবন বাঁচানো কিংবা রোগীকে সুস্থ করে তোলা হচ্ছে একজন চিকিৎসকের প্রথম ও প্রধান কর্তব্য। রোগীদের বিপদের মধ্যে ঠেলে দিয়ে আন্দোলন করা কোনো আদর্শের মধ্যে পড়ে না। রোগীকে জিম্মি করে দাবি আদায়ের এই পন্থা ত্যাগ করতে হবে চিকিৎসকদের।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।