পাট বাংলাদেশের সোনালি আঁশ। প্রতিবছর পাটের ফলন ভালো হওয়া সত্ত্বেও কৃষক পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। তার প্রধান কারণ হলো, ফলন ভালো হচ্ছে ঠিকই, কিন্তু দাম কম থাকায় কৃষককে প্রতিবছরই ভর্তুকি দিতে হতো। কিন্তু এ বছর পাটের ফলন ভালো হয়েছে, সেই সঙ্গে দামও বৃদ্ধি পেয়েছে, ফলে পাটচাষিরা এবার অনেক খুশি।
যেখানে ২০১৩ ও ২০১৪ সালে পাটের দাম ছিল ১২৫০ থেকে ১৩০০ টাকা, সে জায়গায় এবার পাটের দাম ১৮৫০ থেকে ১৯০০ টাকা। তাই পাটচাষিরা এবার লাভের মুখ দেখবেন বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, দেশে চলতি মৌসুমে পাট চাষে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪ হাজার হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৭ লাখ ২ হাজার হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু আবাদ হয়েছে ৮ লাখ ১৪ হাজার হেক্টর জমিতে।
লক্ষ্যমাত্রা থেকে বেশি আবাদ হওয়ার কারণ হলো পাটের ভালো দাম পাওয়া। এ অবস্থা ধরে রাখলে পাটচাষিরা পাট চাষে আরও বেশি আগ্রহী হবেন। ফলে দেশের রপ্তানি আয় আরও বৃদ্ধি পাবে।
মিজানুর রহমান
মৌলভীবাজার।