বাংলাদেশের গ্রামগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। এনজিওর মাধ্যমে সারা দেশে প্রায় পাঁচ লাখ হোম সোলার সিস্টেম স্থাপিত হয়েছে। সম্প্রতি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডও সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে আরও কিছু করণীয় আছে।
বাড়িতে সৌর ছাদ তৈরি করে সৌর বিদ্যুৎ তৈরির অফুরন্ত সম্ভাবনা আছে। প্রতিটি পরিবারের বাড়ির ছাদ বা চালায় সৌর প্যানেল স্থাপন করে হোম পাওয়ার সিস্টেম চালু করা যেতে পারে।
আমেরিকার মতো উন্নত দেশে সম্প্রতি সোলার সিটি নামে এক বেসরকারি প্রতিষ্ঠান ৩০ বছর মেয়াদি ও বার্ষিক সাড়ে ৪ শতাংশ সুদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে ঋণসুবিধা দিচ্ছে। সোলার পাওয়ার স্থাপন ও যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে তারা। গ্রাহক শুধু এ ঋণচুক্তি স্বাক্ষর করবে। বাংলাদেশেও এ ধরনের প্রকল্প হাতে নেওয়া যেতে পারে।
সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা দিতে হবে। রাষ্ট্র থেকে রেয়াত হিসেবে মধ্যমেয়াদি সহায়তা প্রদান করা যেতে পারে। ‘একটি বাড়ি একটি সোলার প্ল্যান্ট’ প্রকল্প গ্রহণ করা হলে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার বাড়বে।
মীম মিজান
রাজশাহী।