
সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বসুলভ গুণাবলির বিকাশ, পরমতসহিষ্ণুতা, গণতন্ত্র (!) চর্চার অভ্যাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে স্কুল ক্যাবিনেট নির্বাচনের প্রচলন করেছে সরকার। ২০১০ সালে ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়, আর পরের বছর হয় প্রায় ৬০০ বিদ্যালয়ে।
কথা হচ্ছে, গণতন্ত্রচর্চা করতে গিয়ে যদি শিশুরাও আমাদের গণতান্ত্রিক (!) নেতাদের মতো পরস্পর প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষমূলক রাজনীতির শিক্ষা পায়, তাহলে এ নির্বাচন হবে কলঙ্কের। তারা যদি এ নির্বাচনে কোনোভাবে যুক্ত হয়, তাহলে তা জাতির জন্য হবে বিপর্যয়কর। গণতন্ত্র ও রাজনীতির গায়ে যে কলঙ্ক আর কলুষতা আমাদের রাজনৈতিক নেতারা লাগিয়েছেন, সেই কলঙ্কের জগতে কি শিশুদের না জড়ালেই নয়?
শিক্ষক এবং অভিভাবক মহলকে বিষয়টি ভাববার জন্য অনুরোধ করছি। আর যদি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বসুলভ গুণাবলির বিকাশের লক্ষ্যে এ নির্বাচন করতেই হয়, তাহলে তা মেধার ভিত্তিতে করা হোক। ছাত্রছাত্রীদের মেধা, ক্লাসে উপস্থিতির হার, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি দেখে এই নির্বাচনের মনোনয়নের দায়িত্ব শ্রেণিশিক্ষকের হাতেই ছেড়ে দেওয়া যেতে পারে। মেধাবীদের নেতৃত্বেই আমরা পেতে পারি একটি মেধাবী জাতি।
রুহুল আমিন রিয়াজী, শিক্ষার্থী
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।