ইদানীং মফস্বল শহরগুলোতে স্কুল পরিবহন হিসেবে যে ভ্যান ব্যবহার করা হয় তাতে ব্যাটারি লাগানো থাকে। এই মোটরগুলোর গতি নিয়ন্ত্রণের জন্য যে যে যন্ত্র ব্যবহার করা হয়, তার মধ্যে ব্রেক অন্যতম। যারা এই ভ্যানগুলো চালায় তারা যন্ত্র সম্পর্কে তেমন কিছুই জানে না। চালকদের শুধু ব্রেক ধরা এবং বন্ধ করা ছাড়া আর কোনো জ্ঞান না থাকলেও রাস্তায় এই ভ্যানগুলোর গতি থাকে ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত! অনেক বিপরীত দিক থেকে আসা অন্য গাড়িগুলো ধারণাও করতে পারে না, ভ্যানের গতি এতটা। এই ভ্যানগুলোতে কোনো সাংকেতিক বাতিও লাগানো থাকে না। যার ফলে ব্রেক কষলে পেছনের গাড়িটি সতর্ক বার্তা পায় না।
এমনকি এসব একটি ভ্যানে সাতজন পর্যন্ত ওঠানো হয়। যদি কোনো কারণে চালক সামান্য ভুল করে, তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। দ্রুতগতির এই স্কুল ভ্যানগুলো কীভাবে অনুমোদন পাচ্ছে বা কারা চালানোর জন্য অনুমতি দিচ্ছে, তা খতিয়ে দেখা দরকার। আবার ভ্যানের চালকেরা ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করে বলেও অভিযোগ আছে। অনেক স্কুল কর্তৃপক্ষ ফিটনেসবিহীন গাড়ি দিয়ে ছাত্রও-ছাত্রী পরিবহন করে।
যে শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের এমন অবহেলা করে বা বিপদের মুখে ফেলে জাতির কী উন্নতি হবে তা আমাদের বোধগম্য নয়। দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু এসব সূচকের উন্নতি না হলে আমরা সভ্য হতে পারব না।
সাঈদ চৌধুরী, গাজীপুর।