স্কুল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে ঢাকা শহরের অধিকাংশ বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা ছাড়াও শিক্ষার্থীদের আরও তিন-চারটি মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। একই শিক্ষাবর্ষে এতগুলো পরীক্ষার কর্মসূচি সংকুলান করতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ স্কুলের রমজানের ছুটি, ঈদের ছুটি, গ্রীষ্মকালীন ছুটি ইত্যাদির মেয়াদ সংকুচিত করে ফেলে। অধিকসংখ্যক পরীক্ষার চাপে শিক্ষার্থীরা মূল পাঠ্যবই চর্চার প্রতি
আগ্রহ হারিয়ে বরং পরীক্ষায় বেশি নম্বর প্রাপ্তির তথা জিপিএ বৃদ্ধির প্রতিযোগিতায় নামেন।
প্রাথমিক স্কুল সমাপনী ও জুনিয়র স্কুল সমাপনী নামক দুটি পাবলিক পরীক্ষা চালু হওয়ার পর এ প্রবণতা বেড়েছে। স্কুল পর্যায়ে বেশি বেশি পরীক্ষা গ্রহণের পক্ষের যুক্তি হলো, এতে করে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কাটানো এবং দুর্বলতা চিহ্নিত করা সহজ হয়।
বিপক্ষ মহলের মত হলো, এতে করে শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান ও মূল্যায়নচর্চা কমছে। শিক্ষার্থী কর্তৃক মূল পাঠ্যবই পড়া এবং জ্ঞান বৃদ্ধিমূলক বিভিন্ন ধরনের বই, পত্রিকা পড়ার চর্চা, ছুটির সময়ে খেলাধুলা ও সংস্কৃতি–বিষয়ক চর্চার সময় ও সুযোগ ক্রমেই কমছে। ফলে শিক্ষার প্রকৃত মান কমছে এবং শিক্ষার্থীরা একধরনের যান্ত্রিক মানব হিসেবে গড়ে উঠছে। তা ছাড়া, এত অধিক পরীক্ষার কারণে কোনো কোনো মহলের নোটশিট ও কোচিং–বাণিজ্যের প্রসার ঘটছে। শুধু তা–ই নয়, বারবার পরীক্ষার ফি গ্রহণের সুযোগে স্কুল কর্তৃপক্ষের তহবিল বৃদ্ধি পাচ্ছে।
ফলে মনে প্রশ্ন জাগে, এটা কি শিক্ষা, নাকি অন্য কিছু?
শাহীদুল আযম
ঢাকা।