সাম্প্রতিক কালের শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে ছাত্রছাত্রীদের প্রতি অধিক গুরুত্বারোপ করা। যেটা স্কুলের
পাঠের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু স্কুলের কোচিংয়ের সঙ্গে সংযুক্ত নয়। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে স্কুলের ক্লাসের গুরুত্ব কমিয়ে কোচিং নামের ব্যবসার প্রহসন চলছে।
বর্তমানে যেটা লক্ষণীয় তা হলো, ক্লাসে অতিরিক্ত চাপ প্রয়োগ করে ছাত্রদের বাধ্যতামূলক কোচিংয়ে ঠেলে দেওয়া হচ্ছে। স্কুলের শিক্ষকেরা, যাঁরা অনেক আগের ডিগ্রিধারী, বর্তমান সৃজনশীল পাঠ্যবইয়ের সঙ্গে যাঁদের ডিগ্রির কোনো সামঞ্জস্য লক্ষ করা যায় না। কয়েক মাসের প্রশিক্ষণপ্রাপ্ত এসব শিক্ষক সৃজনশীল পাঠ্যবইয়ের কোনো আলোচনা ছাড়াই এবং বর্তমান ইংরেজি মাধ্যম সম্পর্কে কোনো ধারণা ছাড়াই মুখস্থবিদ্যায় জোর দেন।
বিভিন্ন বই থেকে কপি করা শিট বিক্রিও তাঁদের ব্যবসার আরেকটি মাধ্যম। এমন কিছু বিদ্যালয়ের দিকে নজর করলে দেখা যায় যে ক্লাসে তাঁরা বেদম প্রহার করে পড়া আদায় করেন। যাতে কোনো ছাত্রছাত্রী কোনো প্রশ্ন না বুঝেও শুধু মুখস্থ করে।
আমরা জানি, যাঁরা ভালো শিক্ষক, তাঁদের কাছে প্রশ্ন করলে তাঁরা খুশি হয়ে থাকেন। কিন্তু এঁরা কোন ধরনের শিক্ষক? যেসব শিক্ষকের শিক্ষার পরিধি কম, তাঁরাই কেবল রেগে গিয়ে ছাত্রছাত্রীদের প্রহার করেন। যাতে করে কোনো শিক্ষার্থী কোনো প্রশ্ন না করতে পারে। ভালো শিক্ষকের বৈশিষ্ট্য কী, তাঁরা জানেন না। নানাভাবে ফিও আদায় করা হচ্ছে। এ বিষয়ে অভিভাবকেরা কোনো পদক্ষেপ নিতে পারেন না। কারণ, শিক্ষকেরা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন।
রেজিস্ট্রেশন ও ফরম ফিলআপ না করানোর হুমকিও শুনতে বাধ্য হন। যদি প্রশ্ন করা হয় অতিরিক্ত কোচিং ক্লাস সম্বন্ধে, সে ক্ষেত্রে এসব শিক্ষক অতিরিক্ত ক্লাসের নামে একটি ফরম তৈরি করে ছাত্রছাত্রীদের জোর করে স্বাক্ষর নেন এবং বাধ্যতামূলক কোচিং করতে
চাপ দেন। কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়সহ বরিশাল বিভাগের কয়েকটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান এই রমরমা ব্যবসা শুরু করেছে।
উল্লিখিত বিদ্যালয়ে চালু করা হয়েছে সকাল ও সান্ধ্যকালীন কোচিং। সব ছাত্রছাত্রীকে সে কোচিংয়ে হাজির থাকতে বলা হয়। ছাত্রছাত্রীরা হাজির থাকলেও মাঝেমধ্যে হাজির থাকেন না শিক্ষকেরা বা তাঁদের কিছু গলাধঃকরণ করতে দিয়ে তাঁরা চলে যান অফিসের টিভি রুমে। সরকার গলা ফাটিয়ে শিক্ষকদের কোচিং ব্যবস্থা বন্ধ করতে বললেও তাঁরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ঠিকই সে ব্যবস্থাকে উজ্জীবিত করে রেখেছেন। শিক্ষার হার বাড়িয়ে লাভ কী? হার বাড়লেই সুশিক্ষিত জাতি হবে, এমনটা মনে হয় না। সৃজনশীল পাঠ্যবই তৈরি না করে, সৃজনশীল মানুষ তৈরি করলে দেশের ছাত্রছাত্রীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। সে ব্যবস্থা করা উচিত।
এম এ ইকবাল, বরিশাল।