রেলপথে ভ্রমণকালে কম্পিউটারের মাধ্যমে যাত্রীসাধারণকে যে টিকিট দেওয়া হয় তাতে ট্রেন ছাড়ার সময়, উৎপত্তি ও গন্তব্যস্থলসহ ট্রেনের নাম এমনকি টিকিট ক্রয়ের তারিখ ও সময় উল্লেখ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ‘দূরত্ব’ উল্লেখ থাকে না। ফলে একজন যাত্রী ভ্রমণকালে তাঁর যাত্রাকালীন স্থানের দূরত্ব কত, তা জানতে পারেন না।
যখন মোটা কার্ডে টিকিট প্রদান করা হতো, তখনো তাতে উৎপত্তিস্থল ও গন্তব্যস্থলের দূরত্ব (মাইলে) মুদ্রণ করা থাকত। ১৯৮৫ সালে যখন আন্তনগর ট্রেন চালু করা হলো, তখনো স্থান দ্বয়ের দূরত্ব মাইল বা কিলোমিটার দেওয়া হতো। কিন্তু যখন রেলের টিকিট কম্পিউটারাইজড করা হলো, তখন থেকে ‘দূরত্ব’র কলামটি বাদ দেওয়া হলো। এতে একদিকে যাত্রীসাধারণ তাঁর ভ্রমণের দূরত্ব জানা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ওই যাত্রী ভ্রমণের ফলে কিলোমিটারপ্রতি রেল কর্তৃপক্ষ কী পরিমাণ ভাড়া আদায় করছে—এসব তথ্য তাঁর কাছে অজানাই থেকে যাচ্ছে। কিন্তু এসব তথ্য জানা তাঁর অধিকার।
কানিজ ফাতেমা
রাজশাহী।