স্থূলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থূলতা নিয়ে কিছু ধারণা পেলাম আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণা ফলাফলে। জরিপে দেখা গেছে, বাংলাদেশে প্রতি পাঁচজন বিবাহিত নারীর মধ্যে একজন স্থূলকায় বা অধিক ওজনের অধিকারী। সম্পদের পরিমাণ, শিক্ষার অবস্থা, টেলিভিশন দেখার সময়ের ধরনের কিছু বিষয় এই স্থূলতার কারণ। আইসিডিডিআরবির একটি নতুন গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
আইসিডিডিআরবির পুষ্টি কর্মসূচির প্রধান হরিবন্ধু শর্মা আইসিডিডিআরবি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের নিয়ে ১৮ থেকে ৪৯ বছরের বিবাহিত নারীদের অধিক ওজন ও স্থূলতা সংশ্লিষ্ট কারণগুলো চিহ্নিত করার জন্য বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১১-এর পুষ্টিসংক্রান্ত উপাত্ত বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণে দেখা গেছে, ১৬ হাজার ৪৯৩ জন নারীর মধ্যে ১৮ শতাংশই অধিক ওজনের অধিকারী অথবা স্থূলকায়। শহরে বসবাসরত এবং কর্মজীবী নন, এমন নারীদের স্থূলকায় হওয়ার ঝুঁকি বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, প্রতিবছর কমপক্ষে ২৮ লাখ মানুষ অধিক ওজন ও স্থূলতার কারণে মারা যায়। বিশেষ করে নারীদের জন্য স্থূলতা নানাভাবে ক্ষতিকর হতে পারে। স্থূলতার কারণে তাঁরা ডায়াবেটিস, জরায়ু মুখ ক্যানসার, স্তন ক্যানসার, ডিম্বাশয়ের ক্যানসারের মতো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।
কথা হচ্ছে, স্থূলতা সুস্থতার লক্ষণ নয়, এটা আমাদের বুঝতে হবে। সেটা বুঝে কাজ করলে আমরা অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারব।
অমিত বণিক
কিশোরগঞ্জ।