১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের বন্দিশালা থেকে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। যে বন্দিশালায় আমাদের ঢোকানো হয়েছিল ১৭৫৭ সালে। কিন্তু এর জন্য আমাদের কম মূল্য দিতে হয়নি। ২৫ মার্চ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়াল গণহত্যা শুরু হয়। তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড বলেছিলেন, ‘১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতটি নতুন রাষ্ট্র বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত রাত হিসেবে সাক্ষ্য দেবে।’
পাকিস্তানি হায়েনারা সেই সুন্দর রাতকে কলঙ্কিত করেছিল, বাঙালিরা সেই রাতের শেষ প্রহরে স্বাধীনতার ডাক দিয়েছিল। সেই রাতে শুরু হয় আমাদের মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ। স্বাধীনতার ৪৪ বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমরা তার সুফল সেই অর্থে
পেলাম না। এখন পর্যন্ত আমরা ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ উপায় বের করতে পারলাম না। আমাদের প্রতিষ্ঠানগুলোও ঠিকমতো
দাঁড়াল না।
এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছে বহু মানুষ। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, অথচ কারও শাস্তি হয় না। পরিস্থিতি এমন হয়েছে যে রাস্তাঘাটে হাঁটা-চলাও অসম্ভব হয়ে পড়ছে। ফলে এখন মনে হয়, স্বাধীনতার কী মর্যাদা আমরা দিলাম!
আরিফ আহমদ, সিলেট।