নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতিদিন ডাক্তারি পরীক্ষা ছাড়াই জবাই করা হচ্ছে গবাদিপশু। এতে রোগাক্রান্ত পশুর মাংস খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এলাকাবাসীর। সেখানকার প্রাণিসম্পদ কর্মকর্তার ভাষ্য হচ্ছে, প্রয়োজনীয় জনবল
না থাকায় জবাইয়ের আগে পশু পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না।
জানা যায়, উপজেলার সেনবাগ পৌরবাজার, ছমিরমুন্সিরহাট, সেবারহাট, কানকিরহাট, ছাতারপাইয়া, কুতুবেরহাট, বক্সিরহাট বাজারে প্রতিদিন কমপক্ষে ১৫-২০টি গরু-মহিষ ও পাঁচটি খাসি/মাদি ছাগল জবাই করে মাংস বিক্রি করা হয়। এ ছাড়া দিলদার মার্কেট, চিলোনিয়া বাজার, গাজীরহাট, নবীপুর, বক্সিরহাট, তেমুহনী বাজারে সপ্তাহের দুদিনই হাটবারে প্রায় ছয়টি গরু ও দুটি মহিষ জবাই করা হয়। হাটে আগত বিভিন্ন এলাকার মানুষেরা এ পশুর মাংস কেনেন। প্রতিদিন শত শত মানুষ এসব হাটবাজার থেকে মাংস কিনে খেয়ে থাকলেও সেখানে পশুর ডাক্তারি পরীক্ষা করার ব্যবস্থা নেই। এতে অধিকাংশ হাটেই অর্থলোভী কসাইরা রোগাক্রান্ত গরু, মহিষ, ছাগল জবাই করে থাকেন, যা খেয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
পৌরসভার নিজস্ব জবাইখানা না থাকায় স্থানীয় কসাইরা নিজেদের ভাড়া করা ঘরে রাতের আঁধারে/ভোরবেলা প্রায়ই ছোট ছোট রোগাক্রান্ত ও গর্ভবতী পশু জবাই করে থাকেন; কেউ প্রতিবাদ করলে কসাইরা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনসহ তাঁদের শারীরিকভাবেও লাঞ্ছিত করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে কসাইদের সুসম্পর্ক থাকায় তাঁরা এসব করে পার পেয়ে যাচ্ছেন। জবাই করা পশুর শরীরে রোগ থাকলে ওই পশুর মাংস ভোগকারীদের শরীর একই রোগে আক্রান্ত হতে পারে।
মো. মহিন উদ্দিন, নোয়াখালী।