মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটিস) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান, যাতে চালু রয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স (ডিএমএফ)। অর্থাৎ এ যোগ্যতা থাকলে সরকারি হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ পাওয়া যায়। এ কোর্সে অংশগ্রহণকারীকে মেডিসিন, পেডিয়াট্রিকস, সার্জারি, অর্থোপেডিকস, ইএনটি, অপথালমোলজি, এলিমেন্টরি ডেন্টিস্ট্রি, গাইনি অ্যান্ড অবস, ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, এনাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, কমিউনিটি হেলথ, কম্পিউটার সায়েন্স ও ইংরেজি ইত্যাদি বিষয় সম্পর্কে ব্যাপক ধারণা দেওয়া হয় এবং সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ। এ কোর্সের জন্য নির্ধারিত কোনো পাঠ্যবই না থাকায় পড়ানো হয় গ্র্যাজুয়েশন লেভেলের টেক্সট বুক। চার বছর পড়ানোর পর কোর্স শেষে এর কোনো মান দেওয়া হচ্ছে না, যেখানে অন্য শিক্ষাব্যবস্থায় এমন একটি কোর্স সম্পন্ন করলে ইন্টারমিডিয়েটের সমমান দেওয়া হচ্ছে।
লক্ষণীয়, আমাদের দেশের ছেলেমেয়েরা প্রচলিত শিক্ষাব্যবস্থায় (এইচএসসি) ১২ বছর লেখাপড়ার পর যেকোনো বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারছেন অথচ (এসএসসিসহ ডিএমএফ) ১৪ বছর পড়াশোনা করেও আমরা যেকোনো ধরনের উচ্চশিক্ষার সুযোগ তো পাচ্ছিই না বরং সম্পর্কিত বিষয়েও উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই, যা শিক্ষার সাংবিধানিক অধিকার খর্ব করার শামিল। এ ব্যাপারে বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা ইন্টারমিডিয়েটের ভ্যালু পেলে এবং উচ্চশিক্ষার সুযোগ পেলে গ্রামে থাকবেন না। বলা বাহুল্য, নীতিনির্ধারকদের এমন দৃষ্টিভঙ্গির মানে, গ্রামগঞ্জের জন্য নিম্নমানের ফিজিশিয়ান প্রয়োজন আর শহরাঞ্চলের জন্য উচ্চ যোগ্যতাসম্পন্ন চিকিৎসক।
শিক্ষা আমার মৌলিক অধিকার, চিকিৎসাবিদ্যা সম্পর্কে চার বছরের পূর্ব জ্ঞান থাকায় আমরা যদি আইএসসির সমমান পাই, তবে সম্পর্কিত বিষয়ে উচ্চশিক্ষা নিলে চিকিৎসা বিষয়ে মোট শিক্ষাকাল দাঁড়াবে ১০ বছর। ফলে সুষ্ঠু চিকিৎসাসেবা দক্ষতার সঙ্গে দেওয়া সম্ভব হবে। অতএব উপর্যুক্ত বিষয়টি বিবেচনায় এনে নিম্ন শিক্ষার অভিশাপ থেকে হতভাগাদের মুক্ত করার ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি কামনা করি।
ডা. রাজীব কুমার বর্মন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, রায়পুরা, নরসিংদী।