আমার স্বামী যুদ্ধের সময় গুলিতে আহত হয়েছিলেন। তিনি ভারতের ওম্পিনগর আর্টিলারি ক্যাম্পে ডেলটা কোম্পানিতে ট্রেনিং নিয়ে নিজ জেলা লক্ষ্মীপুরে যোগ দেন স্বাধীনতাযুদ্ধে। ডাক্তার হওয়ার কারণে আহত মুক্তিযোদ্ধাদের গোপনে বিভিন্ন জায়গায় চিকিৎসা দিতেন তিনি। তাই নির্দিষ্ট জায়গায় তাঁর বেশি দিন থাকা সম্ভব হতো না।
রাজগঞ্জ, রামগঞ্জ, ফেনী সীমান্তে এবং সর্বশেষ লক্ষ্মীপুর বাগানবাড়িতে তিনি ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীনের অধীনে সম্মুখযুদ্ধে অংশ নেন। অথচ তাঁর সঙ্গের সহযোদ্ধারা সবাই বর্তমানে গেজেটভুক্ত হলেও নানা কারণ দেখিয়ে তাঁকে এখনো গেজেটভুক্ত করা হয়নি। সর্বশেষ ২০১৪ সালের ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সুপারিশ নিয়ে একটি আবেদন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) জমা দিই, জিডি নং ২০০৬৫। দীর্ঘ নয় মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত জামুকা থেকে আবেদনপত্রটি লক্ষ্মীপুরেই আসেনি।
২০১২ সালে স্বামী মারা যাওয়ার পর আমি ছেলেমেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আজ পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা আমি পাইনি। আমার এক ছেলে বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছে। মন্ত্রীর কাছে আবেদন, আমি যেন মৃত্যুর আগে সম্মানিত মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার স্বামীর নামটি দেখে যেতে পারি।
মোসাম্মত ফাতেমা বেগম
লক্ষ্মীপুর, ফরাশগঞ্জ, ইউনিয়ন।