স্বীকৃতি পাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার পায়ে যে গুলির দাগটি দেখতেছিস, সেটি এই মার্চেরই দাগ।’ একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জীবনের শেষ কথা এটি।
২০১২ সালের মার্চেই মুক্তিযোদ্ধা বাবা এই কথাগুলো বলছিলেন আর টপটপ করে খাবার টেবিলে ঝরে পড়ছিল তাঁর চোখের পানি। ২০১২ সালের ২৪ মে এক দুর্ঘটনায় পরপারে চলে যান আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডা. মোমতাজ উদ্দিন আহমেদ। যিনি স্বাধীনতাযুদ্ধে গোপনে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছেন, তাঁর মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে শেষ মর্যাদাটুকুও দেওয়া হয়নি তাঁকে, শুধু একটা স্বীকৃতির অভাবে।
শুধু আমার বাবাই নয়, আরও অনেককেই এই ভাগ্য বরণ করতে হয়েছে।
লক্ষ্মীপুর জেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা ডা. মোমতাজ উদ্দিন আহমেদকে মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত করার জন্য বছর চারেক আগে একটি আবেদন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে জমা দিয়েছেন আমার মা। এখন পর্যন্ত একটা ডিজি নম্বর ২০০৬৫ আমরা পেয়েছি।
২০১৪ ও ২০১৫ সালে বাবাকে নিয়ে বিভিন্ন টিভি ও পত্রিকায় একাধিক প্রতিবেদন হয়েছে। বীর প্রতীক তারামন বিবি আর ডা. মোমতাজ উদ্দিনকে নিয়ে গত বছর মার্চে একটি বিশেষ প্রতিবেদনও করেছে একটি বেসরকারি চ্যানেল। প্রধানমন্ত্রী বরাবর আমার মায়ের একটি খোলা চিঠিও ছাপা হয়েছে পত্রিকায়। কিন্তু কোনো আশার আলো দেখছি না আমরা।
মুক্তিযোদ্ধাদের জন্য এ সরকারের উদ্যোগ কম নয়। কিন্তু আলোর নিচে অন্ধকারের মতো বেঁচে থেকে আমার বাবার মতো অনেকেই চলে গেছেন পরপারে।
ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার আগেই আমার বাবার মতো স্বীকৃতিবঞ্চিত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করার পাশাপাশি সরকারি উদ্যোগে মরণোত্তর রাষ্ট্রীয় মর্যাদাসহ তাঁদের কবর সংরক্ষণের দাবি জানাচ্ছি।
আরিফ চৌধুরী, ঢাকা।