স্মার্ট কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন বিভিন্ন এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে। কার্ড বিতরণে অব্যবস্থার কারণ জনগণ সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে।

কাজকর্ম বাদ দিয়ে সারা দিন লাইনে দাঁড়িয়েও অনেকে কার্ড পাচ্ছেন না। পল্লবী ১১ নম্বর সেকশনে একটি ছোট স্কুলের মধ্যে প্রতিদিন ১৫–২০ হাজার মানুষকে কার্ড দেওয়া হচ্ছে।

এত মানুষের জন্য মাত্র দুটি করে কাউন্টার খোলা হয়েছে। ফলে টোকেন নিতে, আইরিস ও আঙুলের ছাপ দিতে এবং কার্ড ডেলিভারি নিতে জনগণকে তিন কক্ষে তিনবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে।

এমনকি অসুস্থ ও বৃদ্ধদের জন্য পৃথক কাউন্টার করা হয়নি। বৃষ্টি-বাদলের দিনে শামিয়ানা বা ত্রিপলের ব্যবস্থাও করা হয়নি। ফলে খোলা আকাশের নিচে, বৃষ্টিতে ভিজে, কাদা-পানিতে দাঁড়িয়ে মানুষকে কার্ড নিতে হচ্ছে। সেবাসংক্রান্ত তথ্যকেন্দ্র, দিকনির্দেশনা ও স্বেচ্ছাসেবক না থাকায় জনগণ গোলকধাঁধায় পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের এক গ্লাস পানি দেওয়ারও কেউ নেই। বৈরী পরিবেশে হাজার হাজার মানুষকে ডেকে এনে তাদের রীতিমতো হেনস্তা করা হচ্ছে।  

বিশ্বব্যাংক স্মার্ট কার্ড প্রকল্পে কোটি কোটি টাকা সহায়তা দিয়েছে। তাহলে কার্ড বিতরণে এত অব্যবস্থাপনা ও কার্পণ্যের কারণ কী?

আলী হায়দার, ঢাকা।