স্যাটেলাইট টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরজীবনে ‘স্যাটেলাইট টিভি’, তথা ‘কেব্ল লাইন টিভি’ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষের অন্যতম বিনোদনমাধ্যম। পল্লি অঞ্চলেও ‘কেব্ল লাইন টিভি সংযোগ’ ব্যবসার বিস্তৃতি ঘটেছে। দেশে প্রচলিত অন্য যেকোনো ভোগ্যপণ্য বা সেবাপণ্য বিপণনের ক্ষেত্রে নানা প্রতিদ্বন্দ্বিতা থাকায় সংশ্লিষ্ট পণ্য ব্যবসায়ীদের গ্রাহকের মন জয়, তথা আকৃষ্ট করতে ক্রমাগত পণ্যের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি নানা ধরনের ‘ছাড়’, ‘সুবিধা’ বা ‘অফার’ প্রদান ছাড়াও চটকদার বিজ্ঞাপন দিয়ে টিকে থাকতে হয়। এসব পণ্যের ক্ষেত্রে ক্রেতা, তথা ভোক্তার পছন্দ-অপছন্দ বা যাচাই-বাছাইয়ের সুযোগ থাকে। অথচ ‘ডিশ লাইন সংযোগ’ ব্যবসার ক্ষেত্রে এসবের বালাই নেই।
শোনা যায়, সুন্দরবনে প্রতিটি বাঘের একটি নিজস্ব বা নির্দিষ্ট এলাকা, তথা বিচরণক্ষেত্র থাকে। এক বাঘ সহজে অন্যের এলাকায় ঢুকতে পারে না। তদ্রূপ ‘কেব্ল টিভি সংযোগ’ ব্যবসার ক্ষেত্রে একজনের এলাকায় অন্যের প্রবেশ নিষিদ্ধ। এখানে গ্রাহক বা ভোক্তার বাছাই, তথা পছন্দ-অপছন্দের কোনো সুযোগ নেই। অনেক সময় নতুন গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কোনো কোনো ‘কেব্ল অপারেটর’ তাঁর নিজস্ব বসানো যন্ত্রের ক্ষমতার অতিরিক্ত সংযোগ বৃদ্ধি করার কারণে ছবির মান খারাপ হয়। এ ব্যাপারে গ্রাহক কর্তৃক বারবার অভিযোগ দিয়েও সহজে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। গ্রাহককে সবকিছুই মুখ বুজে সহ্য করতে হয়।
অবস্থাদৃষ্টে মনে হয়, দেশে প্রচলিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ ক্ষেত্রে সম্পূর্ণ অচল। ভোক্তাস্বার্থ বিবেচনায় এ ধরনের একচেটিয়া ব্যবস্থার পরিবর্তন হওয়া জরুরি।

শাহীদুল আযম
মিরপুর, ঢাকা।