সিংড়া-বারুহাস রাস্তাটি সম্পূর্ণ বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। চলনবিলের লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সিংড়া থেকে বারুহাস ১৬ কিলোমিটার রাস্তাটি পাকা করা হোক। সম্প্রতি রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়ছে, ফলে চলনবিলবাসীর আশা পূরণ হতে চলেছে। এর আগে এই এলাকার সাধারণ মানুষের সিংড়া যেতে সময় লাগত দুই থেকে তিন ঘণ্টা। অথচ বর্তমানে এই রাস্তাটি বাস্তবায়নের ফলে সিংড়া যেতে সময় লাগছে মাত্র ২০ থেকে ২৫ মিনিট।
কিন্তু দুঃখের বিষয়, রাস্তাটি মোট ১৬ কিলোমিটার হলেও এর প্রায় আট কিলোমিটার হচ্ছে নিচু বা ডোবা। যার কারণে এলাকার সব মানুষের বর্ষা মৌসুমে তিন মাসেরও বেশি সময় ধরে এই আট কিলোমিটার রাস্তায় নৌকাযোগে চলাচল করতে হয়। এর ফলে তাদের নানা রকম ভোগান্তির শিকার হতে হয়। অথচ এই রাস্তাটি বর্ষা মৌসুম ব্যতীত অন্যান্য মৌসুমে চলনবিল অঞ্চলের মানুষের কাছে সোনার হরিণের মতো ছিল। এ বছর আষাঢ় মাসের শুরুতেই রাস্তাটি ডুবে যাওয়ায় মানুষের সেই চলাচলের আনন্দ নষ্ট হয়ে যায়। অথচ এই আট কিলোমিটার রাস্তাটি যদি উঁচু করা হতো তাহলে এই এলাকার মানুষের আর কোনো ভোগান্তি হতো না।
এমতাবস্থায় আট কিলোমিটার রাস্তাটি উঁচু বা হাইওয়ে করার জন্য স্থানীয় প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।
দিলরুবা রিজওয়ান , নাটোর।