দুর্ঘটনা হলো এমন এক ব্যাপার, যার ওপর মানুষের হাত থাকে না। আর সে কারণেই তা দুর্ঘটনা। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দুর্ঘটনা যেন ঘটনায় পরিণত হয়েছে, কারণ মানুষের অসতর্কতা ও উদাসীনতার জন্যই এখন বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, দেশে গাড়ি আছে ২৪ লাখের বেশি, কিন্তু লাইসেন্সধারী চালকের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার। এতেই বুঝতে অসুবিধা হয় না যে অনেক যানবাহন লাইসেন্সবিহীন অথবা ভুয়া লাইসেন্সধারী অদক্ষ চালক দিয়ে চালানো হচ্ছে। তা ছাড়া সারা দেশের বেশির ভাগ রাস্তা বেহাল।
অন্যতম এই দুটি কারণ ছাড়াও অনেক কারণে দুর্ঘটনা ঘটছে। ফিটনেসবিহীন গাড়ি ও পুরোনো মেরামতের অযোগ্য ত্রুটিপূর্ণ গাড়ি, প্রশিক্ষণবিহীন অদক্ষ চালক, ভাঙা বেহাল রাস্তা, ট্রাফিক অব্যবস্থাপনা, শ্রমিক মালিক সমিতির প্রভাব এবং বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য ও ভুয়া লাইসেন্স দেওয়ার কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।
এমন দিন কি কখনো আসবে, যেদিন পত্রিকার পাতায় সড়ক দুর্ঘটনার খবর ছাপা হবে না?
মো. মাহতাব আলী, ঢাকা।