মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি গ্রাম কাউকাপন। প্রায় পাঁচ বছর আগে গ্রামে একটি পাকা রাস্তা নির্মাণের পর যাতায়াত ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়। উপকৃত হয় বাঁশউড়ী, কাউকাপন ও সাধনপুর গ্রামের মানুষ। কিন্তু প্রায় পাঁচ বছর আগের রাস্তাটির অবস্থা এখন খুবই খারাপ। পাকা সড়কের কারণে এ রাস্তায় যান চলাচল আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোর পাশাপাশি ট্রাকও চলাচল করে।
কাউকাপন থেকে শমশেরনগরগামী রাস্তার পাশে একটি সিএনজি স্টেশন থাকার কারণে রাস্তাটিতে যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। চলতি বর্ষায় রাস্তাটির নানা স্থান ভেঙে গেছে। ট্রাক চলাচলের ফলে রাস্তার অনেক জায়গায় গর্ত হয়েছে। রাস্তা বেশি ভেঙে যাওয়ার কারণে দুটি গাড়ি একসঙ্গে পারাপার হতে পারে না, ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। ৫ মিনিটের রাস্তা পার হতে ৩০ মিনিট লাগছে, ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সঠিক সময়ে পৌঁছাতে পারে না। ভাঙা রাস্তার কারণে সিএনজি অটোরিকশার চালকেরা গাড়ির ক্ষতি হওয়ার আশঙ্কায় এই রাস্তায় আসতে চান না। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। আশা করি, কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
মো. নিজাম উদ্দিন
মৌলভীবাজার।