কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা-জনতা মার্কেট-কোনাখালী-বাঘগুজারা-বদরখালী সড়কটির অবস্থা খুব খারাপ হলেও তা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখেই পড়ছে না। একের পর এক ভয়াবহ বন্যার কবলে পড়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় কোনাখালীর একাধিক পয়েন্টে সড়কটি বিশাল অংশ মাতামুহুরী নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এর পরেও সংশ্লিষ্ট দপ্তর মাতামুহুরীর ভাঙন থেকে সড়কটি রক্ষায় উদ্যোগ না নেওয়ায় শত শত যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে ।
সড়কটি মূলত মাতামুহুরী নদীর তীর তথা পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধ। এই বাঁধটি সড়ক হিসেবে ব্যবহার এবং যাতায়াতের সুবিধার্থে ২০০৪ ও ২০০৯ সালে দুই দফায় পিচঢালাই করা হয়। কিন্তু এরপর থেকেই সড়কটি অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে। বিগত সময়ে একাধিক ভয়াবহ বন্যায় এর অন্তত ১২ কিলোমিটার নদীতে বিলীন হয়ে যাওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নেয়ামত উল্লাহ্, কক্সবাজার।