সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বন্দরনগর নওয়াপাড়া থেকে দক্ষিণ নড়াইল ও নড়াইলের কালিয়া উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান সড়কের এক অংশ দীর্ঘদিন চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। নওয়াপাড়া ব্যস্ততম শিল্প ও বন্দরনগর হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে।
কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তা ছাড়া, দূরত্ব কম হওয়ায় প্রতিদিন শত শত রোগী এ সড়ক দিয়ে কলেজ-হাসপাতালসহ খুলনার স্বনামধন্য মেডিকেল সেন্টারগুলোতে যাতায়াত করে। রাস্তাটি ভাঙাচোরা হওয়ায় কখনো কখনো পথেই রোগীর মৃত্যু হয়।
অত্যন্ত পরিতাপের বিষয়, কয়েক বছর আগে সড়কটির বৃহৎ অংশের সংস্কার করা হলেও চাকই চৌরাস্তা থেকে রুখালী শৈলেন্দ্রনাথ মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার সংস্কার ১০ বছরেও হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন সংস্কার না করার ফলে পুরো সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার খোয়া উঠে গিয়ে নিচের মাটি পর্যন্ত বেরিয়ে এসেছে। কোথাও কোথাও দেখলে মনে হবে, যেন রাস্তাটি কেটে ফেলা হয়েছে। স্থানীয় সাংসদ রাস্তাটির সংস্কারের প্রতিশ্রুতি দিলেও আজও তা করা হয়নি।
এই জনগুরুত্বপূর্ণ সড়ক (সাড়ে চার কিলোমিটার) সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
খান মঞ্জুরুল ইসলাম, নড়াইল।