জয়পুরহাট জেলার সদর উপজেলার অন্তর্গত পুরানা পৈল বাজার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। জয়পুরহাট শহর থেকে পুরানা পৈলের দূরত্ব চার কিলোমিটার। এই চার কিলোমিটার রাস্তার সংস্কারকাজ গত চার বছরেও আলোর মুখ দেখেনি। পুরানা পৈল ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৩০ হাজার। পুরানা পৈল ইউনিয়ন থেকে জেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তা এটি।
অথচ এই রাস্তাটি ছোট-বড় খানাখন্দে ভরপুর। রাস্তায় অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, িবভিন্ন স্থানে ভেঙে গেছে। রাস্তাটি ক্রমেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। দিন দিন রাস্তার অবস্থা এত শোচনীয় হয়ে পড়ছে যে সাধারণ মানুষ সেখানে হাঁটতেও পারে না।
রাস্তায় ড্রেনেজ ব্যবস্থাও নেই। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে পারেন না। স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না।
রাস্তাটি হিলি স্থলবন্দর সীমান্তবর্তী। তাই এটি আরও বেশি গুরুত্বপূর্ণ, সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পুরানা পৈল, জয়পুরহাট।