সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অধিকাংশ রাস্তা এখন ওয়াসা, মেট্রোরেলের খোঁড়াখুঁড়ি ও বৃষ্টির কারণে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ওয়াসা, মেট্রোরেল কর্তৃপক্ষ রাস্তা খোঁড়ার পর তা ঠিকঠাক না করেই চলে যায়। ফলে রাস্তার এখানে সেখানে অনেক গর্তের সৃষ্টি হয়েছে।
দুই সিটি করপোরেশন এসব গর্ত বন্ধ করে রাস্তা চলাচলের উপযুক্ত করার পরিবর্তে বিলবোর্ডে সরকারের ‘উন্নয়ন’ কাহিনি প্রচারে ব্যস্ত! দুই মেয়রের কর্মকাণ্ডে ঢাকাবাসী হতাশ।
পল্লবী ১১ নম্বর সেকশনের তালতলা থেকে প্যারিস রোড, ঝুটপট্টি হয়ে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কে অসংখ্য গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
ছয় মাস আগে ওয়াসার কাজ শেষ হলেও ১১ নম্বর সেকশন বাজার সড়কের গর্তগুলো বন্ধ না করার কারণে এ রাস্তায় এখনো যান চলাচল করতে পারছে না। এদিকে পল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেশের সচিবালয়ের প্রবেশমুখের রাস্তার এই বেহাল দশা সত্ত্বেও তা মেরামতের কোনো উদ্যোগ নেই!
দুই সিটি করপোরেশনের এই দায়িত্বহীনতা দুর্ভাগ্যজনক। আমরা চাই, সিটি করপোরেশন জনসংযোগ না করে শহরের রক্ষণাবেক্ষণ করুক। একটা শহর এভাবে চলতে পারে না।
আলী হায়দার,
পল্লবী, ঢাকা।