বাগেরহাট জেলার একটি উপজেলা শহর হলো মোরেলগঞ্জ। এখানে যাওয়ার একমাত্র রাস্তা হলো সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। নামে আঞ্চলিক মহাসড়ক হলেও সর্বাধিক খানাখন্দের বিচারে বিবেচনা করা হলে এটি গিনেস বুকে নাম লেখানো সম্ভব। মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী তো অনেক জায়গায় রাস্তার কাজকর্ম পরিদর্শন করেন, যদি কখনো এই রাস্তায় ভ্রমণের সুযোগ পান, তবে আমরা নিশ্চিত তিনি ওই পথ পাড়ি দিতে পারবেন না।
সড়কটি বাড়ির উঠোনের মতো মনে হতে পারে। যার একদিকে আছে কাদামাটি, আরেক দিকে পুকুর (কিন্তু মাছ চাষের অনুপযোগী) আবার আরেক দিকে ইট ও বালুর ঢিবি! মাঝেমধ্যে কিছু খোয়ারও সন্ধান পেতে পারেন। শুধু তা-ই নয়, প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ভ্রমণে প্রাকৃতিক দৃশ্য উপভোগের ব্যবস্থা রয়েছে, কারণ রাস্তার দুর্দশার জন্য ছয় থেকে সাতবার বাস থেকে নামতে হতে পারে। আর ভাড়ার কথা না-ই বললাম, মধ্যম আয়ের দেশ হওয়ার সঙ্গে সঙ্গে ভাড়ার পরিমাণ ২০ থেকে ৫০ টাকা হয়েছে।
মাস ছয়েক আগে এখানে রাস্তা সংস্কারের নামে শুধু ইটের খোয়া ও বালু দিয়ে দায়সারাভাবে রাস্তা তৈরি করা হয়। কিন্তু অপরিকল্পিত কাজের খেসারত জনগণকেই দিতে হচ্ছে! বর্ষা মৌসুমে অনেক জায়গায় এমন গর্ত হয়েছে যে হাঁটতেও ভয় লাগে। আমরা এর প্রতিকার চাই।
আজিম উদ্দিন, শিক্ষার্থী, বাগেরহাট।