আজকাল পথেঘাটে বের হলেই হকারদের মহা উৎপাতে পড়তে হয়। কি ফুটপাত, কি ওভারব্রিজ, কি বাস-গাড়ি—কোথাও যেন তাদের হাত থেকে রেহাই নেয়। এই হকাররা সবাই হকার নয়, সবাই জীবিকার তাগিদে এ কাজ করে না। এই হকারদের মাঝে ঘাপটি মেরে আছে বিশাল এক ভয়ংকর অপরাধী চক্র। এই অপরাধীরা হকারের রূপ ধরে মিষ্টি মিষ্টি কথা বলে ক্যান্ডি, লজেন্স, চানাচুর, আচার, জুস, পানি, ডাবের পানি ইত্যাদির সঙ্গে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে বিক্রি করে। আর মানুষ তা খেয়ে জ্ঞান হারালেই এই অপরাধীরা তাদের সর্বস্ব লুটে নেয়।
যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এদের ধরার কথা, তারাও অনেক সময় এদের সঙ্গে পেরে ওঠে না। কিছুদিন আগে এক পুলিশ কনস্টেবল বাসের মধ্যে এক হকারের কাছ থেকে কিছু কিনে খেয়ে অজ্ঞান হয়ে যান এবং পরে সবকিছুর সঙ্গে তাঁর প্রাণও হারান। অর্থাৎ তারা ক্ষেত্রবিশেষে পুলিশের চেয়েও চৌকস।
বিদেশি পর্যটকেরাও আমাদের দেশে বেড়াতে এসে তাদের প্রতারণার শিকার হয়ে সবকিছু হারিয়েছেন। ফলে এদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই।
মিলন সরকার
চাঁদপুর।