নারী লাঞ্ছনার বিচার চাইতে গিয়ে আন্দোলনরত অবস্থায় একজন নারী যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে লাঞ্ছিত হন, তখন সেটা সবকিছু ছাড়িয়ে যায়। আমরা কতটা সভ্য হয়েছি? ১১ মের প্রথম আলোর ছবিগুলো বুঝিয়ে দিল নারীর সম্মান, নিরাপত্তা কতটা প্রশ্নবিদ্ধ? এই যদি হয় পরিস্থিতি, তবে বিচারের বাণী নিভৃতে কাঁদবে।
৮ মার্চ ছিল নারী দিবস। নারীর নিরাপত্তা, অধিকার ও সম্মান রক্ষার জন্য সারা বিশ্ব সরব হলেও তা কতটুকু পালন করা হচ্ছে, প্রশ্ন জাগে, অন্তত এসব ঘটনা দেখলে। পরিস্থিতি স্বাভাবিক করার নামে নারীর প্রতি এ ধরনের নির্যাতন কোন আইনের মধ্যে পড়ে, আমরা তা জানতে চাই।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—কথাটি প্রায়ই মিথ্যা হয়ে যায়। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, একজন নারী গাছের পেছনে লুকিয়ে থাকার চেষ্টা করছিলেন, আর সেখান থেকে তাঁকে টেনে বের করে নির্যাতন করা হলো।
আন্দোলন কিংবা প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিতেই পারে। কিন্তু সেটা যদি হয় নির্যাতনের মাধ্যমে, তবে তা লজ্জাজনক। আর এ ধরনের লজ্জাজনক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।