হতাশার বিমাশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আর্থিক খাত নিয়ে যখন নানা আশাবাদের কথা বলা হচ্ছে এবং ব্যাংক ও লিজিং কোম্পানিগুলো যখন প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি কর্মী উন্নয়ন, কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মীদের যুগোপযোগী বেতন-ভাতা দিচ্ছে, সেখানে আর্থিক খাতের অন্য একটি খাত বিমার চিত্র সম্পূর্ণ বিপরীত। এমনকি সবচেয়ে পুরোনো ও নামীদামি কোম্পানি, যাদের শেয়ারের দাম এখনো আকাশছোঁয়া, যাদের লাইফ ফান্ড কয়েক হাজার কোটি টাকার, যারা সফটওয়্যার কেনার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে, তাদের কর্মীরাও ২০–২৫ বছর চাকরি করে হতাশায় স্ট্রোক করে মারা যায়।
জীবনবিমা খাতের বড় কোম্পানিগুলোর একটি আজকের দিনেও ১ হাজার ৮০০ টাকায় সার্বক্ষণিক পিয়ন ও ৪ হাজার ৫০০ টাকায় স্নাতক পাস অফিসারদের নিয়োগ দেয়। দেশে বেকারত্বের সুযোগ নিয়ে এসব কোম্পানি চার–পাঁচ হাজার টাকায় অফিসার নিয়োগ দিয়ে আশার বাণী শুনিয়ে শুনিয়ে তঁাদের চাকরির বয়স শেষ করে দেয়। অথচ এসব কোম্পানির আর্থিক সামর্থ্যের মোটেও ঘাটতি নেই।
এ পরিস্থিতির অবসান না হলে দেশের বিমা খাতের উন্নয়ন হবে না। কারণ, কর্মী সন্তুষ্ট না থাকলে কোনো প্রতিষ্ঠান যেমন দাঁড়াতে পারে না, তেমনি একটি শিল্পের সার্বিক চিত্র যদি এমন হয়, তাহলে তার অবস্থাও একই হয়। আশা করি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবে।
আনিসুর রহমান
ঢাকা।