গুজরাটি ভাষা থেকে আগত হরতাল শব্দটির অর্থ বিশ্লেষণ করলে দাঁড়ায়—হর (প্রত্যেক) + তাল (তালা) অর্থাৎ প্রতি ঘরে ঘরে তালা। আর একটি রাষ্ট্রে যদি প্রতি ঘরে তালা থাকে, তাহলে পরিস্থিতি কেমন ভয়ংকর, তা সহজেই বোঝা যায়।
হরতাল শব্দের আবির্ভাব ১৮ শতকের শেষ দিকে। সে সময় মূলত পোশাকশ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে সংঘবদ্ধ হয়ে মালিকদের বিরুদ্ধে ধর্মঘট করতেন। যেখানে ধর্মঘট ডাকার সঙ্গে সঙ্গে সব শ্রমিক একত্র হয়ে তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করতেন। পরবর্তী সময়ে রাজনীতিতে এই ধর্মঘট হরতাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
গত শতকের প্রথমার্ধেও ‘হরতাল’ কর্মসূচি যুক্তিসংগত এবং সফলভাবে পালিত হয়েছে। বলা বাহুল্য, এ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মহাত্মা গান্ধী প্রথম ‘ব্রিটিশ খেদাও’ নামে হরতাল আহ্বান করেন।
কিন্তু বর্তমান রাজনীতিতে হরতালের বাস্তবচিত্র বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায়, আতঙ্ক বা জনগণকে উদ্বিগ্ন করা। এখন হরতালকে সপ্তাহে ঘণ্টায় ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে ৭২ ঘণ্টা আর দ্বিতীয়টি হচ্ছে ৪৮ ঘণ্টা। এই ৭২ বা ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও পেট্রলবোমা ফাটবে, দু-চারটা ককটেল বিস্ফোরণ ঘটবে, কিছু যানবাহন ভাঙবে, ১০-১২ জন দগ্ধ হবে, দু-চারজন মারা যাবে।
ক্ষমতায় টিকে থাকাও জনগণের জন্য আর ক্ষমতায় যাওয়াও জনগণের জন্য। কিন্তু এ হরতাল-অবরোধের মাধ্যমে জনগণকে জিম্মি করা কেন?
মো. মিনহাজুর রহমান ভূঁঞা
ড্যাফোডিল ইউনিভার্সিটি, ঢাকা।