বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি শিক্ষার প্রধান বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়টিতে ছেলেদের নয়টি এবং মেয়েদের মোট চারটি হলসহ মোট ১৩টি হল রয়েছে। ছেলেদের নয়টি হলের একটি শহীদ নাজমুল আহ্সান হল। শহীদ নাজমুল আহ্সান হল প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। হলে মোট ব্লক রয়েছে ছয়টি এবং হলের মোট ছাত্র ধারণক্ষমতা ৩৩৬ জন। প্রতিনিয়তই হলে ছাত্রদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে একটি হলো সুপেয় পানির সমস্যা।
সুপেয় পানির জন্য ছাত্রদের হলের নলকূপের ওপর নির্ভর করতে হয়। এমনকি নলকূপটি হলের ফটক সংলগ্ন বাগানের পাশে অবস্থিত। যার ফলে হলের বিভিন্ন ব্লক থেকে ছাত্রদের পানি নেওয়ার জন্য হলের ফটকে যেতে হয়, যা ছাত্রদের জন্য অনেক সময় বিড়ম্বনা তৈরি করে। তা ছাড়া হলে সরবরাহকৃত পানিও পানের উপযোগী নয়। অর্থাৎ নাজমুল আহ্সান হলে ৩৩৬ জন শিক্ষার্থীর জন্য সুপেয় পানির একমাত্র উৎস হলো সেই একটি নলকূপ।
এ অবস্থায় হলের প্রতিটি ব্লকে একটি করে নলকূপ স্থাপন করা হলে ছাত্রদের অনেক সুবিধা হতো। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টির প্রতি সুবিবেচনা করবে।
রাকিবুল হাসান, শিক্ষার্থী, বাকৃবি।