প্রতিবছরের শুরুর মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে অনাবাসিক ছাত্রদের মধ্যে যাঁরা সিটে উঠতে চান, তাঁদের কাছে আবেদন চাওয়া হয়েছিল। হলের সিটগুলো রাজনৈতিক ক্যাডাররা দখল করে রাখলেও এবং পত্রিকাগুলোতে এ নিয়ে লেখালেখির পরও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
হল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরও কয়েকজন ছাত্রের কাছ থেকে টাকা নিয়ে বোর্ডিং কার্ড দেয়, কিন্তু তারা উঠতে গিয়ে দেখে, সিটগুলো দখল হয়ে আছে।
বোর্ডিং কার্ড পেয়েও সিট না পাওয়ায় ছাত্ররা একটি হলের প্রভোস্টের সঙ্গে কথা বলতে গেলে তিনি সেই হলের ছাত্রলীগের সভাপতির সঙ্গে এ ব্যাপারে কথা বলার পরামর্শ দেন। হলের সিটের জন্য জমা দেওয়া টাকা অফেরতযোগ্য হওয়ায় আমরা তা ফেরত পাব না।
তাই ভিসি স্যারের কাছে অনুরোধ থাকবে, দয়া করে প্রতিবারের মতো হল প্রভোস্টদের ওপর দায় না চাপিয়ে হলে রাজনৈতিক প্রভাবে সিট দখল বন্ধ করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি সেই ক্ষমতা না থাকে, তাহলে নিয়মনীতি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিকভাবে হলে সিট পাওয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হোক এবং আবেদন চাওয়ার নাটকীয়তা বাদ দিয়ে ছাত্রদের হয়রানি কমানো হোক। এই প্রহসনের কোনো মানে হয় না।
জামির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।