কয়েক দিন ধরে সারা দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গরিব, অসহায় মানুষ শীতে কষ্ট ভোগ করছে। সরকার, বিভিন্ন সংস্থা ও মানুষ ব্যক্তিগতভাবে গরম কাপড়সহ নানা ধরনের সাহায্য নিয়ে শীতার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছে। সাধারণত ধরে নেওয়া হয়, উত্তরাঞ্চলে শীত বেশি পড়ে এবং অধিকাংশ শীতবস্ত্র সেখানে বিতরণ করা হয়।
কিন্তু দেশের উত্তর-পূর্বাংশে হাওরাঞ্চলে অনেক বেশি শীত অনুভূত হয়। সীমানাঘেরা ভারতীয় পাহাড়, হাওরের জলজ পরিবেশ, কনকনে বাতাস, ভেজা আবহাওয়ায়ঘন কুয়াশায় উন্মুক্ত মাঠে শীত সেখানে জেঁকে বসে। হাওরের মানুষ গরিব, অসহায়; তাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই, নেই কেনার সামর্থ্যও। এ প্রচণ্ড শীতে হাওরবাসী বোরো ধানের বীজতলা তৈরি, উত্তোলন, রোপণ ও পরিচর্যায় ব্যস্ত থাকে। প্রচণ্ড শীতের কারণে তারা খেতে কাজ করতে পারছে না, আবার শীত উপেক্ষা করে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের রোগবালাইয়ে ভুগছে। এতে কৃষিকাজ ব্যাহত হয়।
কিন্তু যোগাযোগের অভাবে হাওরবাসীর এসব করুণ চিত্র প্রচারের অভাবে দেশবাসীর অজানা থেকেই যায়। মিডিয়ার নজর তাদের ওপর পড়ে না। ফলে সহায়তার ছোঁয়া থেকে বরাবর হাওরবাসী বঞ্চিত হয়। বঞ্চিত হয় মানুষের ভালোবাসা, সহানুভূতি থেকে।
বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন শীতার্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে তিন লাখ কম্বল দিয়েছে। আমাদের অনুরোধ, এর বিশাল একটা অংশ হাওরবাসীর জন্য বরাদ্দ ও সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
নিয়াজ পাশা
কৃষি প্রকৌশলী, ইটনা, কিশোরগঞ্জ।
[email protected]