হাওর অঞ্চলে হঠাৎ বন্যা ও ফসলহানির পর মাছ মরে যাচ্ছে, যা কিনা আরও উদ্বেগের কারণ। ফসল যদি পচে যায়, তবে পানিতে গ্যাস সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়। আমরা গ্রামে দেখেছি, পানি যখন ফসলি জমিতে জমে থাকে, তাতে পচে যাওয়া ঘাস বা অন্যান্য সবুজ উদ্ভিদ থেকে একধরনের বুদ্বুদ সৃষ্টি হয় এবং পানি কিছুটা লালচে বর্ণ ধারণ করে। কিন্তু খুব সহজেই মাছ মরে যাওয়ার ঘটনাটি উদ্বেগের।
বদ্ধ পানিতে এমনটা হতে পারে। কিন্তু হাওরের পানি তো বদ্ধ নয়, তাই মাছ কেন মারা যাচ্ছে, তার জন্য পানি পরীক্ষা করে তাতে কী কী রাসায়নিক যৌগ বিদ্যমান আছে, তা দেখা প্রয়োজন। সাধারণত পিএইচ কমে যাওয়া বা পানিতে ডিও (ডিসলভড অক্সিজেন) কমে যাওয়ার কারণে এমনটা হতে পারে।
মৎস্য অধিদপ্তর থেকে চুন ছিটানোর উদ্যোগ ভালো, তবে এত বড় জায়গায় চুন ছিটিয়ে কতটা সুফল পাওয়া সম্ভব, সেটাই প্রশ্ন। পানিতে ডিও-এর পরিমাণ বাড়ানোর জন্য এয়ারেশন (বাইরে থেকে ব্লোয়ারের মাধ্যমে বাতাস প্রয়োগ) করা যেতে পারে। এটা নিচে জমে থাকা গ্যাস বের করে দিয়ে পানির ডিও বাড়াতে সক্ষম। এ পদ্ধতিতে খরচও কম হতে পারে এবং যদি সঠিক পরিমাণে রোদ থাকে, তাহলে পানি দ্রুত ভালো অবস্থায় ফিরে আসতে পারে।
হাওর অঞ্চলের পানির নমুনা পরীক্ষার জন্য দ্রুত কাজ করা উচিত। যদি জানা যায় কী কী যৌগের আধিক্য পানিতে রয়েছে, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া সম্ভব।
সাঈদ চৌধুরী, গাজীপুর।