হাওরের ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে হাওরাঞ্চলে ধান কাটা হতো ভাগা ভিত্তিতে। এগারো ভাগের এক ভাগ (১/১১) ধান পেত দাওয়াল। বরিশাল, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চল থেকে হাজার হাজার মানুষ বৈশাখ মাসে নৌকাযোগে ধান কাটতে আসত। পরবর্তীকালে জামালপুর, টাঙ্গাইল, বৃহত্তর রংপুর, ময়মনসিংহের মানুষেরা এ স্থান দখল করে। তারা খালি নৌকা নিয়ে আসত, ফিরে যেত হাসিমুখে, নৌকাবোঝাই ধান নিয়ে। গৃহস্থও গরু-খাসি জবাই করে বিদায়ী ভোজ দিত। তার আগে ফাল্গুন-চৈত্র মাসে ব্যাপারীরা হাওরাঞ্চলে এসে টাকাপয়সা দিয়ে ‘বায়না’ করে যেত। এতে উভয় পক্ষ লাভবান হতো, ক্ষতি হতো কম, শ্রমের ব্যবহার হতো সর্বোচ্চ। কিন্তু এখন ওই অঞ্চলের লোকজন আর সেভাবে আসে না।
গত বছরও ধান কাটা হয়েছে এক অষ্টমাংশ (১/৮) হিসাবে। এ বছর দেশি দাওয়ালরা নগদ কাঁচা ধানের বিনিময়ে ধান কাটতে রাজি নয়। ধান কাটবে নগদ টাকায়। প্রতি ৪০ শতাংশ জমির ধান কাটতে দিতে হচ্ছে ৩-৪ হাজার টাকা। কৃষক মাত্র ৩৫০-৪৫০ টাকা মণ দরে ধান বিক্রি করে দাওয়ালদের চাহিদা মিটাতে বাধ্য হচ্ছেন। আবার অনেকে নগদ ৬০০-৭০০ টাকা মজুরিতেও ধান কাটাতে বাধ্য হচ্ছেন।
সঙ্গে তিন বেলা খাবার। আগাম বন্যার আগ্রাসনের সুযোগ নিচ্ছে দাওয়ালেরা। ক্ষতি হচ্ছে কৃষকের।
পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে হাওরের কৃষিকে সাজাতে হবে। ক্ষতির ঝুঁকি মোকাবিলায় হাওরে ফসল বৈচিত্র্যকরণ ও যান্ত্রিকীকরণে আমাদের যেতেই হবে।
ড. নিয়াজ পাশা
কৃষিবিজ্ঞানী।