বর্তমান সরকার কর্মকর্তা ও কর্মচারীদের অষ্টম বেতন স্কেল ঘোষণা করে তাতে গ্রেডভেদে ৯১ থেকে ১০১ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করেছে। আর্থিক অসুবিধার মধ্যে থাকা অবসরভোগীদের পেনশন বৃদ্ধির হার ৬৫ বছর পর্যন্ত ৪০% এবং ৬৫ বছরের পর ৫০% বৃদ্ধি হবে বলে জানানো হয়েছে। যেখানে সব কর্মকর্তা ও কর্মচারীর বেতন বৃদ্ধি হবে ৯১ থেকে ১০১ শতাংশ, সেখানে আর্থিক অনটনে নিপতিত পেনশনভোগীদের পেনশন ৪০% থেকে ৫০% বৃদ্ধি অযৌক্তিক ও মর্মস্পর্শী।
বহু পেনশনভোগী সারা কর্মজীবন সততা ও স্বচ্ছতার সঙ্গে দুঃখ-কষ্টের মধ্যে চাকরি করেছেন। তাঁদের অনেকের সন্তানেরা এখনো লেখাপড়া করছেন। তাঁদের অনেকেরই বিবাহযোগ্য কন্যাসন্তান রয়েছেন।
গত ছয় বছরে যে হারে দ্রব্যমূল্য বেড়েছে, সে বিবেচনায় ভুক্তভোগী পেনশনভোগীদের ৬৩ বছর বয়স পর্যন্ত ৯০%, ৬৫ বছর বয়স পর্যন্ত ৯৫% এবং ৬৫ বছর বয়সের ওপর যাঁরা রয়েছেন তঁাদের ১০০% পেনশন বৃদ্ধির জন্য অনুরোধ করছি। জীবনের এ পর্যায়ে তাঁদের বার্ষিক পেনশন বৃদ্ধির হার মূল পেনশনের ২০ শতাংশ করার অনুরোধ করছি।
আশা করি, সরকার এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
মো. রফিকুল ইসলাম
কুমিল্লা।