গত শতকের ষাটের দশকে পাকিস্তান সরকার হারবেরিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বাঙালি বিজ্ঞানীরা ঢাকায় হারবেরিয়ামের প্রধান কার্যালয় রাখার দাবি তুললে উদ্যোগটি বন্ধ হয়ে যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক সালার খান একক চেষ্টায় ‘বোটানিক্যাল সার্ভে’ নামের একটি সংস্থা গঠন করে বাংলাদেশের উদ্ভিদসম্ভার সংগ্রহ শুরু করেন এবং প্রথমে ভাড়াবাড়িতে ও পরে খামারবাড়ির কৃষি ভবনে একটি হারবেরিয়াম গড়ে তোলেন। বর্তমান বাংলাদেশ জাতীয় হারবেরিয়াম এ উদ্যোগেরই ফসল।
একই সময় পাকিস্তান সরকার বন বিভাগের তত্ত্বাবধানে ঢাকার মিরপুরে বোটানিক গার্ডেন প্রতিষ্ঠা করে। জন্মলগ্ন থেকে দুটি প্রতিষ্ঠান পৃথক থাকায় অদ্যাবধি তাদের আর মিলন ঘটেনি। ব্রিটিশরা এ দেশে হারবেরিয়াম ও বোটানিক গার্ডেন প্রতিষ্ঠা করার সময় এগুলো ‘বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’ নামের একটি সংস্থার অধীনে একীভূত রাখে। হারবেরিয়াম দেশের উদ্ভিদকুলের শুষ্ক নমুনা ও বোটানিক গার্ডেন জীবন্ত নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। এ দুটি কর্মকাণ্ড পরস্পর যুক্ত বিধায় দেশের উদ্ভিদসম্ভার গবেষণায় এগুলোর সমন্বয় অপরিহার্য। কিন্তু আমাদের দেশে এ ঐতিহ্যের ব্যত্যয় ঘটেছে। ‘বোটানিক সার্ভে’ বিলুপ্ত করে দুটি প্রতিষ্ঠানকে আজও পৃথক রাখা হয়েছে, ফলে এগুলো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই অনেকটা ব্যর্থ হতে চলেছে। উল্লেখ্য, বিষয়টি বন ও পরিবেশের নয়, এটি বিজ্ঞানের, মূলত তত্ত্বীয় ও ফলিত জীববিদ্যার।
বোটানিক গার্ডেন কোনো বিনোদন উদ্যান নয়, বেড়ানোর জায়গা বা পিকনিক স্পটও নয়। এটি একটি গবেষণা সংস্থা এবং হারবেরিয়াম ছাড়া অচল। কেন এত দিনেও কাজটি হলো না বোঝা দুষ্কর। বোটানিক গার্ডেনে আরও থাকে উদ্ভিদ মিউজিয়াম, গবেষণাগার ও পূর্ণাঙ্গ লাইব্রেরি। দেশের উদ্ভিদসম্ভার সংগ্রহ ও সংরক্ষণ ছাড়াও ফুল ও ফলের নতুন নতুন ভ্যারাইটি উদ্ভাবন, ভেষজ ও অন্যান্য সম্ভাব্য অর্থকর উদ্ভিদের প্রায়োগিক মূল্যায়ন, বিদেশি উদ্ভিদের অভিযোজন ও দেশে এগুলোর চাষের সম্ভাবনা নিরীক্ষা, বিপন্ন প্রজাতির ওপর নজরদারি, স্নাতকোত্তর শিক্ষা (এমফিল, পিএইচডি), প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নগর সৌন্দর্যের জন্য উপযুক্ত গাছপালা নির্বাচন ও জোগান ইত্যাদি বোটানিক গার্ডেনের দায়িত্বভুক্ত। এখানকার কর্মী দলের কেন্দ্রে থাকেন টেক্সোনমিস্ট, উদ্যানবিদ, ইকোলজিস্ট, উদ্ভিদ রোগবিদ, কোষবিদ, বংশগিতবিদ, জীব রসায়নবিদ ও ব্রিডিং বিশেষজ্ঞরা। এটিই বিভিন্ন দেশের প্রধান বোটানিক গার্ডেনগুলোর মূল কাঠামো। কলকাতার লাগোয়া হাওড়ার শিবপুরের ন্যাশনাল বোটানিক গার্ডেন এবং লন্ডনের কিউ বোটানিক গার্ডেন এভাবেই গঠিত।
সরকারের কাছে আবেদন, বাংলাদেশ বোটানিক্যাল সার্ভে গঠন করে পূর্বোক্ত দায়িত্বগুলো এ প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত করা এবং বোটানিক গার্ডেনকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হোক। এ সংস্থা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বিধায় এখানে আমলাতান্ত্রিকতা পরিহার্য। স্বেচ্ছাপ্রণোদিত সৃজনশীল ও ফলপ্রসূ কর্মকাণ্ডের মাধ্যমে কর্মীরা নিজ প্রতিষ্ঠানের তথা দেশের গৌরব বৃদ্ধি করবেন—এটাই প্রত্যাশা। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। এখনই পুনর্গঠনের কাজ শুরু হওয়া প্রয়োজন, অন্যথায় পরস্পর বিচ্ছিন্ন এ সংস্থাগুলো বিষ্টব্ধ হয়েই থাকবে এবং দেশের উদ্ভিদ গবেষণা ও আনুষঙ্গিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে।
দ্বিজেন শর্মা
উদ্ভিদবিদ ও লেখক, সিদ্ধেশ্বরী, ঢাকা।