বাঙালির কাছে বাঘের বিশেষ কদর আছে। তারা বাঘকে ভালোবেসে মামা ডাকে, আবার গর্ব ভরে তাকে ডাকে বেঙ্গল টাইগার। তবে দুঃখের বিষয়, তীব্র প্রতাপশালী বাঘের অস্তিত্বই হয়তো একদিন থাকবে না।
কয়েক দিন আগের এক জরিপে দেখা যায়, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা এখন সাকল্যে ১০৬।
অথচ ২০১০ সালে বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের যৌথ জরিপে বাঘের সংখ্যা ৪০০ থেকে ৪৫০ উল্লেখ করা হয়েছিল। সেই হিসাবে সুন্দরবনে বাঘের সংখ্যা গত চার বছরে এক-চতুর্থাংশে নেমে এসেছে।
এটা শুধু বিশ্বাস নয়, কল্পনা করাও কঠিন। যেখানে সুন্দরবনের জীববৈচিত্র্য ও খাবারের ভিত্তিতে কমপক্ষে ২০০ বাঘ থাকার কথা, সেখানে আর কয়েক বছর পরে কয়টি বাঘ থাকবে, সেটা নিয়ে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে।
যে বাঘ আমাদের জাতীয় প্রাণী, আমাদের গর্ব, সেই বাঘ বাঁচাতে হলে আমাদের জাতীয়ভাবে উদ্যোগ নিতে হবে। বাঘের বংশবৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। চোরা শিকারিদের অপতৎপরতা বন্ধ করতে হবে।
শুধু বাঘ বাঁচাতে নয়, একটি দেশের গৌরবের প্রতীককেও বাঁচিয়ে রাখতে আমাদের সবার সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
মেহেদী কবীর, শিক্ষার্থী, সিলেট।