হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা পিছিয়ে পড়া নির্যাতিত ও অসহায় এই জনগোষ্ঠীর জন্য যথাযোগ্য প্রাপ্তিই বলতে হয়। এর ফলে একদিকে যেমন তাদের মানবাধিকার নিশ্চিত হয়েছে, অন্যদিকে ধর্ম-বর্ণ, নারী-পুরুষভেদে সব ধরনের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আবার অনেক হিজড়া পরিবারচ্যুত বলে জনগণের সহানুভূতিও তাদের প্রতি প্রবল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, রাস্তা, শপিংমল, সুপারমল, রেস্তোরাঁ, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, পার্কসহ এমন কোনো জায়গা নেই যেখানে তারা চাঁদাবাজি করে না। কেউ আবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলেই চলে অশ্রাব্য গালাগালসহ দুর্ব্যবহার। এতে অনেকেই বিব্রত হন।
হিজড়াদের এই বেপরোয়া চাঁদাবাজি যেন দিনকে দিন বেড়েই চলেছে। তাদের সংঘবদ্ধ চাঁদাবাজির কাছে জনগণ জিম্মি হয়ে পড়েছে। এদের দেখার যেন কেউ নেই!
জনসাধারণের দুর্ভোগ লাঘবে হিজড়াদের চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি কামনা করছি।
গাজী আজিজুল ইসলাম
উত্তরা, ঢাকা।