হিজড়াদের পুনর্বাসন
হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে আমাদের দেশে নানা কার্যক্রম থাকলেও তাঁদের পুনর্বাসন নিয়ে তেমন কোনো কার্যক্রম দেখা যায় না।
অথচ স্থায়ী কর্মসংস্থানের অভাবে তাঁরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে আবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। তাঁদের নানা কাজে অন্যরা প্রায়ই বিরক্ত হয়। পুনর্বাসনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে তাঁদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব।
হিজড়াদের কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাঁদের কেউ কাজে নিতে চায় না। তাঁরাও বিড়ম্বনার ভয়ে সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে চান না। তাই হিজড়াদের জন্য যদি আলাদা কর্মসংস্থান সৃষ্টি করা যায়, যেখানে শুধু তাঁরাই কাজ করবেন, তাহলে তার ব্যবস্থাপনা সহজ হবে। এটি হতে পারে বিশেষ কোনো তৈরি পোশাক কারখানা, যেখানে শুধু হিজড়ারাই কাজ করবেন। আবার অন্য শিল্পেও তা হতে পারে।
এ ধরনের পরিবর্তনের উদাহরণ আমাদের সামনেই রয়েছে। সাভারের বেদেপাড়ার পরিবর্তনে পুলিশ সুপার হাবিবুর রহমানের উদ্যোগ পত্রপত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে।
হিজড়াদের জন্য এ ধরনের উদ্যোগ নিতে পারলে তাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সহজতর হবে। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের এ ক্ষেত্রে এগিয়ে আসা দরকার।
দেশে হিজড়াদের সংখ্যা কম নয়। এত সংখ্যক মানুষের প্রতি আমরা অবহেলা দেখাতে পারি না।
মো. মাহফুজুর রহমান
সাভার, ঢাকা।