হিন্দি টিভি চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে উপজেলা ও জেলা শহরগুলোতে কেব্ল অপারেটরের মাধ্যমে টিভিতে গড়ে ৫০-১০০টি টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখা গেলেও শিশুদের উপযোগী চ্যানেল আছে চারটি। এর মধ্যে তিনটি কার্টুন চ্যানেলের মধ্যে দুটি চ্যানেলেই ২৪ ঘণ্টা প্রচারিত হয় হিন্দি ভাষার কার্টুন।
এর পাশাপাশি শহরাঞ্চলে শিশুদের খেলার মাঠের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ও শিশুদের অবসর সময় কাটানোর বিকল্প ব্যবস্থা না থাকায় আমাদের দেশের শহরগুলোর ৩-১০ বছরের প্রায় সব শিশুর পড়াশোনার বাইরে সময় কাটে টিভিতে হিন্দি কার্টুন দেখে। ফলে আমাদের শিশুদের বাংলার পর দ্বিতীয় ভাষা হয়ে যাচ্ছে হিন্দি ভাষা।
বাংলা ভাষা শেখার পাশাপাশি একটা শিশু ভিনদেশি যেকোনো ভাষা শিখতেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে হিন্দি কার্টুন চ্যানেল দেখার পর আমাদের শিশুরা হিন্দি ভাষা শেখার পাশাপাশি অস্বাভাবিক আচরণ করছে। তা ছাড়া আমাদের শিশুদের হিন্দি ভাষা শেখার চেয়ে বাংলা ভাষা শেখার পর ইংরেজি ভাষা শেখাটা বেশি জরুরি।
তাই শিল্প ও সংস্কৃতিমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোমলমতি শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশ ও ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য দেশে হিন্দি কার্টুন চ্যানেলের প্রচার বন্ধ করে ইংরেজি ভাষার কার্টুন চ্যানেল প্রচারের ব্যবস্থা করুন।
শিল্পী সরকার, ময়মনসিংহ।