১০২ বছরে জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এবারে ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মেয়াদের গবেষণামূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। জাদুঘরের কাজ সব সময়ই সুদূরপ্রসারী হয়ে থাকে।
১৯০৯ সালে ‘শিলং কেবিনেট’ খ্যাত মুদ্রার সংগ্রহটি পূর্ববাংলা ও আসামের রাজধানী ঢাকাতে আনার চিন্তা থেকেই জাদুঘর প্রতিষ্ঠার বিষয়টি বাস্তব রূপ পায়। ১৯১২ সালের ২৩ জুলাই গভর্নর লর্ড কারমাইকেল এবং লেডি কারমাইকেলের সম্মানে ঢাকার নর্থব্রুক হলে এক নাগরিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ঢাকার বিশিষ্ট নাগরিকেরা লর্ড কারমাইকেলের কাছে ঢাকায় একটি জাদুঘর প্রতিষ্ঠার সম্ভাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। ১৯১৩ সালের ৩ মার্চ গভর্নর লর্ড কারমাইকেল জাদুঘর প্রতিষ্ঠার বিষয়টি অনুমোদন করেন।
১৯১৪ সালের ৬ জুলাই ড. নলিনীকান্ত ভট্টশালী (১৮৮৮-১৯৪৭) প্রথম অধ্যক্ষ হিসেবে ঢাকা জাদুঘরে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছর অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টশালী জাদুঘর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে প্রচুর নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের ক্ষেত্রে তাঁর অপরিসীম অধ্যবসায় ও মমতা দিয়ে এই জাতীয় প্রতিষ্ঠানটিকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছেন। ১৯১৫ সালে নিমতলীর বারদুয়ারী ও দেউড়িতে স্থানান্তরিত হয়। এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে বছরে দর্শকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৯৬,২৯০ জনে (২০১৪-২০১৫, বার্ষিক প্রতিবেদন, বা.জা.জা)।
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান (রেসকোর্স ময়দান) ইতিহাসের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। ১৯৭১ সালের ৭ মার্চ এই প্রান্তরে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বাঙালির মুক্তিযুদ্ধের বিজয়ের সনদ একাত্তরের ১৬ ডিসেম্বর এই প্রাঙ্গণেই স্বাক্ষরিত হয়। ২৫ মার্চ, ২০১৫ সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর পরিচালনার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর জাদুঘরটি জনসাধারণের পরিদর্শনের জন্য এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘরে ১ জুলাই ২০১৪ থেকে জুন ২০১৫ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার, প্রদর্শনী, মুক্তিযুদ্ধের গ্যালারিতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে নিয়মিত তথ্যচিত্র প্রদর্শনী, প্রকাশনা ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে কবিদের স্বরচিত কবিতাপাঠ, তথ্যচিত্র প্রদর্শনী, আলোকচিত্র এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনী, চিত্রধারায় বঙ্গবন্ধু শীর্ষক বিশেষ অ্যালবাম প্রকাশনা, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত দালাদা আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে বাংলাদেশ কর্নার প্রতিষ্ঠা, বৌদ্ধ জনজীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ, আধুনিক চিত্রকলার পথিকৃৎ জয়নুল আবেদিনের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী অনুষ্ঠান।
জাদুঘর ধীরে ধীরে হয়ে উঠছে জনগণের প্রবহমান মূল্যবোধের ধারক, সংস্কৃতি নির্মাণের বীজক্ষেত্র, বর্ধন ও নিরন্তন নবায়ন প্রক্রিয়ার এক অনন্য প্রতিষ্ঠান।
নীরু শামসুন্নাহার
[email protected]