আমাদের অর্থমন্ত্রী ২০১৬-১৭ সালের জন্য মেগা বাজেট দিয়েছেন, ৩ লাখ ৪০ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ সরকার এই বিশাল অঙ্কের টাকাটা ২০১৬-১৭ সালে খরচ করবে। সরকারের রাজস্ব আয় হবে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। বাজেট ঘাটতি হবে ৯৭ হাজার ৮০০ কোটি টাকা। এই টাকাটা ব্যাংকঋণসহ বিভিন্ন খাত থেকে জোগাড় করা হবে।
জনগণ চানতে চায়, কোন প্রকল্পে কত ব্যয় হবে? বাজেট কতখানি বাস্তবায়িত হবে, কতখানি বাকি থাকবে? কত লোকের কর্মসংস্থান হবে? এসব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বাজেটের ঘাটতির টাকাটা অর্থমন্ত্রী যেভাবেই জোগাড় করুন না কেন, তার দায় শেষমেশ জনগণের ঘাড়েই বর্তাবে।
যত বেশি লোকের কর্মসংস্থান হবে, মানুষ ততই উপকৃত হবে। এই কর্মসংস্থানের মাধ্যমেই আয় বণ্টন হবে। শিল্প ও উৎপাদন খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে অর্থমন্ত্রী আগামী বছর আরও বড় বাজেট পেশ করতে পারবেন। তখন সেটা বাস্তবতা বলেই বিবেচিত হবে। আমরা সে রকম দিনের অপেক্ষায় রইলাম।
মো. আছিরউল্লাহ খান
ফকিরাপুল, ঢাকা।