৩৫তম বিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস এমন একটি সর্বজনীন পরীক্ষা যেখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন। ৩৫তম বিসিএসের গাণিতিক যুক্তি লিখিত পরীক্ষায় এমন সব প্রশ্ন করা হয়েছে যা নবম-দশম শ্রেণিতে সাধারণ গণিত করে আসা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীরা কখনো করেননি, এমনকি বেশির ভাগ প্রশ্নের উত্তর করা তাঁদের সাধ্যের বাইরে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) এইচএসসির গণিত ও এসএসসির উচ্চতর গণিতকে ভিত্তি ধরে প্রশ্ন করেছে। যেসব পরীক্ষার্থী গণিতে অনার্স করেছেন, তাঁদের জন্য সেটা ছিল একাদশে বৃহস্পতি। তা ছাড়া, বিজ্ঞানের অন্য বিষয়ের পরীক্ষার্থীরাও ভালো করেছেন। কিন্তু বিপত্তি ঘটেছে সেই হতভাগ্য মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে আসা পরীক্ষার্থীদের। এমনকি বেশির ভাগ পরীক্ষার্থীই ক্রাশ মার্কস (৩০%) পাওয়া নিয়ে শঙ্কিত।
অথচ পরীক্ষার্থীদের মধ্যে এ দুই শাখার পরীক্ষার্থীর সংখ্যা আনুমানিক দুই-তৃতীয়াংশেরও বেশি হবে, কিন্তু তাঁরাই বৈষম্যের শিকার হলেন। নমুনা বা ধরন পরিবর্তন করে প্রশ্নপত্রের মান নির্ধারণ করার বিপিএসসির প্রয়াস অবশ্যই প্রশংসার দাবি রাখে। স্ট্যান্ডার্ড প্রশ্ন অনেকভাবেই করা যায়, কঠিন প্রশ্নকেও স্ট্যান্ডার্ড বলা যায়। কিন্তু বৈষম্যমূলক প্রশ্নকে কখনো স্ট্যান্ডার্ড বলা যায় না। শিক্ষাজীবনে মানবিক ও ব্যবসায় শিক্ষায় পড়াশোনা করেছেন, এটাই কী তাঁদের ভুল? বিপিএসসির কাছে আমাদের এটাই প্রশ্ন।
রাকিব হাসান
ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাবি।