যুক্তরাষ্ট্রের সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ লুইস মামফোর্ড বলেছেন, ‘নগর শুধু অবকাঠামো নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও বটে।’ ফলে একজন মানুষ শহরে এলে কী দেখবে, কী অনুভব করবে বা নতুন কেউ শহরে এলে সে শহর সম্পর্কে কী ধারণা লাভ করবে, এসবও কম গুরুত্বপূর্ণ নয়। এ বিষয়ে আমাদের নগর পরিকল্পনাবিদেরা যে চিন্তিত নন, তা বোঝা যায় ঢাকা মহানগরের যত্রতত্র বিলবোর্ড দেখে। শঙ্খ ঘোষের কবিতার সেই লাইনটি খুবই সত্য ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’।
ঢাকা মহানগরের বিভিন্ন সড়কের মোড়ে দাঁড়ালে দেখা যায়, এমন কোনো জায়গা নেই, যেখানে বিলবোর্ড বা বিজ্ঞাপন নেই। একটার গায়ের ওপর আরেকটা দাঁড়িয়ে আছে। বিজ্ঞাপনের আশায় অনেক বিলবোর্ড খালিও থাকে। ওপর থেকে এই নহানগরের দিকে তাকালে চোখে পড়ে শুধু বিলবোর্ড আর ভবনের ছবি।
দুনিয়ার সব উন্নত দেশেই নগরের ‘ইমেজিবিলিটি’ বা দৃশ্যকল্পযোগ্যতা নিয়ে অনেক গবেষণা হয়। আমাদের দেশে এ নিয়ে ভাবনা আছে বলেই মনে হয় না। বিনিয়োগ ও পর্যটক আকৃষ্ট করতে দৃশ্যকল্পযোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা নগরের এ হালের কারণে নিশ্চিতভাবেই পর্যটকেরা বিশেষ কোনো কাজ না থাকলে ঢাকায় আসেন না।
অপরিকল্পিত বিজ্ঞাপন-বিলবোর্ড যেকোনো নগরের নাগরিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে। বিলবোর্ডের আকৃতি, অবস্থান, উচ্চতা কী হবে বা একটি স্থানে একসঙ্গে কয়টি বিলবোর্ড স্থাপন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।
মো. ওমর শরীফ, ঢাকা।