অনুরণনে একজন কাজী মসিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী মসিউর রহমান (মৃত্যু: ১৩ অক্টোবর, ২০২১)
ছবি: সংগৃহীত

কাহলীল জিব্রানের একটা ছোট্ট কবিতার বই ‘দ্য প্রফেট’। বইটি পড়তে গিয়ে আবিষ্কার করলাম আল মুস্তফাকে। যিনি অরফালেজ শহরে দীর্ঘ ১২ বছর থাকার পর নিজের শহরে চলে যাবেন। এমন সময়ে পুরো শহরের মানুষ ছুটে এসেছেন, তাদের দিকনির্দেশক আল-মুস্তফার কাছে। তাঁদের জীবনের তাবৎ সুখ-দুঃখ-আনন্দ-প্রেম-বেদনা-জ্ঞান-ভালোবাসা-ক্ষমতাসহ অন্য সব দরদি ও দরকারি জিনিস নিয়ে প্রশ্ন ছুড়ে দিতে থাকলেন আল মুস্তাফার প্রতি। আল মুস্তফা নিদারুণ ধৈর্য নিয়ে তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং অনেক ক্ষেত্রে উত্তরগুলো ওই মানুষদের নানান ধরনের প্রশ্ন করে তার মাধ্যমে তাঁদের থেকেই বের করে আনছিলেন। আমি কাজী মসিউর রহমানকে আল-মুস্তফার মতো একজন জ্ঞানসাধক হিসেবে দেখি।

কাজী মসিউর রহমান গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন ক্ষণজন্মা শিক্ষক, যিনি ২০২১ সালের ১৩ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি একজন সাধকই ছিলেন না, জ্ঞান-সংক্রামক বুদ্ধিজীবী ছিলেন। জ্ঞানকে নানান মাত্রায় চর্চা করেছেন। তিনি নিজেকে শুধু নিজের পেশার গণ্ডির ভেতরে আবদ্ধ রাখেননি। নিজের শিক্ষালয়ের ভেতরের প্রাতিষ্ঠানিক পরিচিতিনির্ভর জ্ঞান বিলানোর যে দায়িত্বে তিনি ব্রতী ছিলেন, সেখান থেকে বেরিয়ে তিনি সব জায়গায় নানাভাবে জ্ঞানকে ছড়িয়ে দিতে চেয়েছেন। এই জ্ঞান ছড়ানোর কাজে অনেক মানুষ-মত-যুক্তি-দর্শনের সঙ্গে নিজেকে শামিল করেছেন। সত্য ও উচিত জ্ঞান দিয়ে নিজেকে ন্যায্যতার পক্ষে হাজির করতেন।

মার্কিন চিন্তক নোয়াম চমস্কি বুদ্ধিজীবীর বড় দায় হিসেবে শাসনযন্ত্রের মিথ্যার বাতাবরণকে উন্মোচন ও তার বিরুদ্ধে রাজনৈতিক ও জ্ঞানতাত্ত্বিক অবস্থান গ্রহণ করাকে গুরুত্ব দিয়েছেন। কাজী মসিউর রহমান ঠিক এই কাজটিকেই তাঁর শিক্ষক-সত্তার পবিত্র দায়িত্বে পরিণত করেছিলেন।

সব সময় প্রশ্ন ও বিতর্কের মাধ্যমে প্রতিটি জায়গায় একটা অবস্থান তিনি জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন এবং তাতে করে তিনি নানান সময়ে নানান বিপত্তির মুখে পড়েছেন। কিন্তু কাউকেই তিনি বিন্দুমাত্র অশ্রদ্ধা করেননি এবং হীন কোনো চর্চার মাধ্যমে প্রতিপক্ষের তীব্রতম ঘৃণার বিপরীতে কখনো কদর্য ঘৃণা দিয়ে তিনি সেই সব পরিস্থিতিকে মোকাবিলা করেননি। সত্যেন সেনের অমর চরিত্র আল-বেরুনি ভেতরে ভিন্ন মত চর্চা ও প্রশ্রয় দেওয়ার সর্বোচ্চ যে দায়টুকু আমরা দেখেছি, সেটা আল-বেরুণীয় কায়দায় কাজী মসিউর রহমান চর্চা করতেন। তাঁর এই চর্চার সুন্দরতম একটা দিক ছিল: চর্চাগুলো করতে গিয়ে বারবার তিনি বইয়ের কাছে ফিরে গিয়েছেন এবং এই বইগুলোকে তিনি সবার মাঝে বিলিয়ে দিয়েছেন।

আরও পড়ুন

একটা ছোট্ট শিশু তার অপ্রত্যাশিত কোনো উপহার পেলে যে রকম উত্তেজনায় টগবগ করতে থাকে, সে রকম একটা উত্তেজনা নিয়ে প্রতিটি বইকে তিনি সবার মাঝে বিনিময় করতে চেষ্টা করতেন এবং সেই বই পড়ার প্রতিক্রিয়াটি যতক্ষণ না অন্য মানুষের মাঝে প্রকাশ করতেন, ততক্ষণ তাঁর আনন্দটুকু যেন অপূর্ণ থাকত। তার এই স্বভাবটির একটা অদ্ভুত সৃষ্টিশীল ও গঠনমূলক দিক ছিল, অন্য সব মানুষদের প্রভাবিত করার মধ্য দিয়ে সেই দিকটি প্রকাশিত হতো। উনি যতগুলো বই পড়তেন, একটা বই পড়তে গিয়ে আরও যত বইয়ের সন্ধান পেতেন এবং তিনি যখনই কোনো বই সংগ্রহ করতেন, নিজের জ্ঞান সংক্রমণের নেশা থেকে প্রতিটি বই অন্য সব পরিচিতজনের মাঝে বিনিময় করতে ভীষণ উঠেপড়ে লাগতেন। তাঁর সুবাদেই আমরা জানতে পেরেছি মুক্তির সাধক অনেক মানুষকে, যাঁরা মানুষের কল্যাণের জন্য পরিবেশ-প্রতিবেশকে নিয়ে ভালো থাকার সুন্দর একটা মানবিক সহাবস্থানের শিক্ষা আমাদের দিয়েছেন। আমাদের চারপাশটায় আমরা সেই শিক্ষাকে প্রতিদিন নষ্ট করে চলেছি। সেই শিক্ষার বিপরীতে অর্থাৎ মনুষ্যকেন্দ্রিক বিভিন্ন শ্রেণিদ্বন্দ্ব জড়িত যে শিক্ষার প্রতিবেশ আমরা দেখি, সেখানটায় প্রকৃতির ঠাঁই নেই। প্রকৃতির মতো নিম্নজন বা প্রান্তিক জনেরও ঠাঁই সেখানে নেই।

কাজী মসিউর রহমান এই শিক্ষা আন্দোলনের মূল দর্শনকে দেশজ বিদ্যা দর্শনের আলোকে চর্চা ও প্রচার করার কাজে নিজের গবেষণা ও পঠনকে নিয়োজিত করেছিলেন। এই দর্শনে তাড়িত হয়েই পিরোজপুরে নিজ গ্রামে তিনি ‘চেরাগ’ নামে একটা মুক্ত পাঠাগার গড়ে তুলেছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি তাঁর স্বপ্নের আঁতুড়ঘর এই ‘চেরাগ’ লাইব্রেরির কাজে নিয়োজিত ছিলেন।

এ রকম একটা শিক্ষার মধ্যে প্রকৃতি ও প্রান্তিক জন অবহেলিত ও সমার্থক হয়ে গেছে। এই বোধটা এখন কারিকুলাম থেকে শুরু করে ক্লাসরুম, রাজনীতি, উন্নয়ননীতি ও উন্নয়ন-ক্রমযজ্ঞে অনুপস্থিত। কারিকুলাম থেকে উৎসারিত যে ফলাফল আমরা উপভোগ করি, সেই সার্টিফিকেটধারী সফলতার হাত ধরে আমরা বিভিন্ন ভূমিকায় থেকে প্রান্তিক জন এবং প্রকৃতির বিপক্ষে নানাভাবে-ভূমিকায় অবতীর্ণ হই। মসিউর রহমান এই সাম্য-বিনাশী মনুষ্যকেন্দ্রিকতা ও উপযোগবাদের বিরুদ্ধে একটা পাঠ দাঁড় করিয়েছিলেন। সে পাঠটি তিনি বইপড়া ও বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন। এই চর্চার পক্ষের এবং পথিকৃৎ নানান মানুষদের মাধ্যমে আমাদের দেশজ, উপমহাদেশীয় পঠন-পাঠনের ভেতরে পাঠটি ধীরে ধীরে একটা জনপ্রিয়তা লাভ করেছিল।

আমাদের চিন্তার বিউপনিবেশায়নের আন্দোলনে যেসব চিন্তক, দার্শনিক ও বুদ্ধিজীবীরা অগ্রগণ্য, যাঁরা প্রান্তিক জন ও প্রকৃতির স্বার্থ নিয়ে ভেবেছেন, সেই সব মানুষদের এবং তাঁদের বিভিন্ন চিন্তাচর্চাকে কাজী মসিউর রহমান সামনে নিয়ে আসতে আমৃত্যু চেষ্টা জারি রেখেছিলেন। সিরাজুল ইসলাম চৌধুরী, অরুন্ধতী রায়, মহাশ্বেতা দেবী, এস এম সুলতান, বন্দনা শিবার মত মুক্তিকামী মানুষদের পাঠকে তিনি প্রচার করেছেন। প্রকৃতি, নারী ও প্রান্তিক জনের নানান ভোগান্তি ও নিপীড়ন দূরীকরণে, তাদের সামগ্রিক স্বার্থ রক্ষার পক্ষে জ্ঞাননির্ভর একটা শক্তি দাঁড় করানোর জন্য তিনি নানান জায়গায় ছুটে গিয়েছেন।

ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের ‘স্কলার জিপসি’ কবিতার প্রথাবিরোধী জ্ঞানসাধকের মতো কাজী মসিউর রহমান এক উদ্দেশ্য, এক লক্ষ্য ও একচোখা বস্তুবাদী দর্শনতাড়িত সংকীর্ণ, স্বার্থপর ও অন্ধ হয়ে বড় হওয়ার শিক্ষাকে ছুড়ে ফেলতে চেয়েছিলেন। তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন প্রকৃতির শিক্ষা, সার্থক শিক্ষা ও জন মানুষের শিক্ষা, যা সমুদয় পৃথিবী, বিশেষ করে নির্যাতিত পৃথিবী ও প্রকৃতির মুক্তির সংগ্রামে কাজে লাগে।
এই শিক্ষা ক্ষুদ্র পরিসরে শুরু হয়ে একটা আন্দোলনে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করতেন। আনস্কুলিং হলো সেই আন্দোলন। শিশু, প্রকৃতি ও উপজাতি বা বর্ণবাদে নিষ্পেষিত জাতিগোষ্ঠীর মুক্তি নিয়ে কাজ করে এই আন্দোলন। বড়দের সাজানো বই ও জ্ঞান দ্বারা শিশুদের স্বপ্ন-দর্শন-সৃজনের জেনোসাইড চলতে থাকে। এমন অগুনতি স্বপ্ন হত্যার বিরুদ্ধে এই আন্দোলন চলমান মুক্তির বার্তা প্রচার করে যায়। এনথ্রোপোসেন্ট্রিক বা মানুষকেন্দ্রিক ধর্ম-জ্ঞান-বিজ্ঞানচর্চার বলি হয়ে যায় প্রকৃতি। আনস্কুলিং শিক্ষা আন্দোলন এসবের বিরুদ্ধে কাজ করতে প্রতিশ্রুতি দেয়।

কাজী মসিউর রহমান এই শিক্ষা আন্দোলনের মূল দর্শনকে দেশজ বিদ্যা দর্শনের আলোকে চর্চা ও প্রচার করার কাজে নিজের গবেষণা ও পঠনকে নিয়োজিত করেছিলেন। এই দর্শনে তাড়িত হয়েই পিরোজপুরে নিজ গ্রামে তিনি ‘চেরাগ’ নামে একটা মুক্ত পাঠাগার গড়ে তুলেছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি তাঁর স্বপ্নের আঁতুড়ঘর এই ‘চেরাগ’ লাইব্রেরির কাজে নিয়োজিত ছিলেন। তাঁর কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি ‘অনুরণন’ লাইব্রেরি ও ‘প্রকৃতি বীক্ষণ’ সংগঠন গড়ে তুলেছিলেন। মুক্ত জ্ঞান-বুদ্ধি ও প্রকৃতির পক্ষে মানুষের অবস্থান তৈরি করতে তাঁর এই উদ্যোগ নানান কারণে গুরুত্বপূর্ণ প্রতীয়মান হয়েছে। তা ছাড়া এই বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তিনি নানান সময়ে বই পড়া ও মুক্ত জ্ঞান-চিন্তা-যুক্তি বিনিময় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন এবং এই ধারার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে মুক্ত আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন।

আমাদের দেশে উচ্চশিক্ষার যে সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান রয়েছে, সেখানটায় নানান ধরনের ভেদবুদ্ধির পরিচয় রয়েছে। কে কোন বিভাগে পড়ে, পড়াশোনা শেষে কার কী লক্ষ্য, জ্ঞান কি কেবল সাফল্যের অস্ত্র-পুরো বিষয়টি একধরনের উপযোগিতা ও শ্রেণি-বুদ্ধি দ্বারা তাড়িত। এই চর্চাটিকে তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের মগজে ঢোকানোর চেষ্টা করতেন। বিশ্ববিদ্যালয় কোনো উপযোগিতামূলক সাফল্য তৈরি করার কেন্দ্র হতে পারে না বরং বিশ্ববিদ্যালয় একজন সম্পূর্ণ মুক্তিকামী ও সার্থক মানুষ তৈরির একটা কারখানা। বিশ্ববিদ্যালয়কে তিনি জনবিশ্ববিদ্যালয় বলতেন। জনগণের রক্ত-ঘাম-শ্রমের মূল্যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো টিকে আছে। জন মানুষের মুক্তি ও কল্যাণের জন্য তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব অর্জন ও সাফল্য নিবেদিত হওয়া উচিত।

সেই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কতটা পিছিয়ে আছে এবং কেন পিছিয়ে আছে, এই বিষয়টি কাজী মসিউর রহমান ‘কেমন আছে বিশ্ববিদ্যালয়?’ নামক পাঠ আন্দোলনের তলে শিক্ষার্থীদের জড়ো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তিনি যে বিষয়টিকে গুরুত্ব দিতেন, সেটা হলো জ্ঞান কোনোভাবেই সাফল্য অর্জনের কোনো হাতিয়ার নয়। এভাবে যদি জ্ঞানকে দেখাতে হয়, তাহলে জ্ঞানকে একটা স্বার্থ কাতরতা ও স্বার্থসিদ্ধির জায়গা হিসেবে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই জ্ঞান দ্বারা জ্ঞানী বা শিক্ষিত হয় যে সব মানুষ, সেই মানুষগুলো স্বার্থপর এবং একচোখা মানুষে পরিণত হতে বাধ্য। সাম্প্রতিক সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে একধরনের সাফল্য ও মর্যাদানির্ভর যে জ্ঞান নির্মাণের অন্ধ দৌড়ে মেতেছে, তাতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আগের মতো লিবারেল এডুকেশন বা উদারনৈতিক শিক্ষার নানান মাত্রিকতা প্রতিনিয়ত ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে। এই সংস্কৃতির বিপক্ষে কাজী মসিউর রহমান সার্থক-মানবিক শিক্ষাময় একটা সচলায়তনের স্বপ্ন দেখতেন।

সাহিত্যের শিক্ষক হিসেবে তিনি জ্ঞানের বহুমাত্রিকতা নিয়ে সাহিত্য ও জীবনকে দেখতেন। তিনি তলিয়ে দেখতেন সমাজের বিমূর্ত বিষয়গুলোকে। সে জন্য সব সময় রাজনৈতিক বীক্ষা তৈরি করতে চাইতেন শিক্ষার্থীদের মধ্যে। সাদা কথায় সোজা ভাষায় তিনি প্রতিবাদ, ন্যায্যতা ও উদার-নৈতিকতার কথা বলতেন। দর্শন-ইতিহাস-পরিবেশবিদ্যা-রাজনীতিসহ জ্ঞানের প্রায় সব শাখার সমন্বয় ঘটিয়ে তিনি নিজের ও তাঁর শিক্ষার্থীর রাজনৈতিক সত্তার জন্ম ঘটাতেন। যা চিন্তা-পড়া-পড়ানোতে আনতেন, তার সম্ভাব্য সব ধরনের প্রকাশ করতে তিনি পিছপা হতেন না। ছুটে যেতেন অনুসন্ধিৎসু হয়ে দূরদূরান্তে। লিখতেন জাতীয় সব পত্রিকায়। বলতেন ক্লাসরুম বা বলার মতো যেকোনো মাধ্যমে। দরকারি ও কেজো শিক্ষার বিপরীতে জানা ও জেগে ওঠার শিক্ষাকেই জরুরি বলে মনে করতেন। পরীক্ষার ফলাফল, সামাজিক মর্যাদা ও সাফল্যকেন্দ্রিক শিক্ষার রমরমা বাজারের বিপরীতে মানবিক ও জীবন-জগৎ-প্রকৃতির সবার-সবকিছুর কষ্ট, নিষ্পেষণ ও মুক্তির জন্য প্রাসঙ্গিক শিক্ষাকে সবার করোটিতে স্থাপন করতে সম্ভাব্য সব চেষ্টা তিনি করতেন। এই গোটা প্রক্রিয়াকেই তিনি মুক্তির পক্ষের রাজনীতি মনে করতেন। যাঁরা এই রাজনীতিকে অগ্রাহ্য করতেন, তাঁদের জন্য তিনি প্রাসঙ্গিক ছিলেন না।

কাজী মসিউর রহমানের মৃত্যু তাঁর দৈহিক অস্তিত্বকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। একবিংশ শতকের তীব্র উপযোগিতামূলক সময়ে এ কথা বলার সাহস পাই না যে তাঁর মৃত্যু হয়নি। তবুও অকুণ্ঠচিত্তে বলা যায় তাঁর বুদ্ধিবৃত্তিক কাজটুকুর মৃত্যু হবে না। জ্ঞানচর্চায় যেসব মানুষেরা নানানভাবে প্রান্তিকজনের কথা বলেছেন, তাঁদের আমাদের সমাজ ভালোভাবে নেয়নি। তাঁর মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও তাঁকে বাঁচিয়ে রাখার জন্য ও তাঁর বুদ্ধিবৃত্তিক চিন্তা-চর্চার স্মরণ-স্বীকৃতির জন্য সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে অর্থবহ কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। শুধু শোকের তীব্রতম ওই সময়টুকুতে আমাদের কান্নাময় বেদনা, তাঁকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা, ফরমায়েশি শোকসভা আয়োজন ইত্যাদি হয়েছে। এটি আমার ভাষায় একধরনের শোক উদ্‌যাপন। এসবের কিছুই একজন কাজী মসিউর রহমানের মতো জ্ঞান সাধকের জীবনের প্রতি উপযুক্ত সম্মান প্রকাশ করতে যথেষ্ট নয়। তিনি স্বীকৃতির জন্য কখনোই দাপিয়ে বেড়াননি। তিনি যে মানুষদের নিয়ে সব সময় স্বপ্ন দেখেছেন, তার প্রতিটি উচ্চারণে যাঁদের বড় ভেবেছেন, যাঁদের অংশীজন করে নিজের জন্য ভালোবাসা উপার্জন করেছেন, তাঁকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন সেই মানুষদের অর্থাৎ তাঁর শিক্ষার্থীদেরই নিরন্তর কাজ করে যেতে হবে। বিস্মৃতিতেই কাজী মসিউর রহমানের সত্যিকারের মরণ হবে। আমরা এমন নির্মম স্বার্থপর বিস্মৃতির পক্ষে নই। আমরা কাজী মসিউর রহমানের পক্ষের মানুষ। আমরা চাই কাজী মসিউর রহমান বাঁচুন, আমাদের মাধ্যমেই বাঁচুন।

  • হাবিবুর রহমান সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।